ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল চূড়ান্ত বাংলাদেশের

তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপের দল চূড়ান্ত বাংলাদেশের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:০২

ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। এই দলে জায়গা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা, জিদান ইউসুফের মতো প্রবাসী ফুটবলার। তবে জায়গা পাননি যুক্তরাষ্ট্র প্রবাসী গোলরক্ষক সাইফ কেরাওয়ালা। একই সঙ্গে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন জাতীয় দলের অভিজ্ঞ সেন্টারব্যাক তপু বর্মণ। উরুর পেশিতে চোট পেয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার। থমাস ডুলির চূড়ান্ত দলে ছিলেন তিনি।

তপুর জায়গায় দলে ডাক পেয়েছেন শাহরিয়ার ইমন। অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

স্কোয়াডে সুযোগ পাওয়া তিন গোলরক্ষক হলেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। সাইফ কেরাওয়ালার মতো বাদ পড়েছেন অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রবাসী খেলোয়াড়দের মধ্যে ট্রায়ালে অংশ নেওয়া ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার ও ইউসুফ আহমেদও চূড়ান্ত দলে জায়গা পাননি।

নতুন তিন প্রবাসীর মধ্যে ফারহান বর্তমানে প্রিমিয়ার লিগের দল ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলছেন। ১৯ বছর বয়সী এ উইঙ্গার বেশ কিছু দিন ধরেই আলোচনায় আছেন। এবার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে তাঁর। বাংলাদেশ কোচ তাঁকে নিয়ে বেশ আশাবাদী। কোচের প্রত্যাশা, বোরহাম উডের এই ফরোয়ার্ড গোলমুখের সামনে দারুণ অবদান রাখতে পারবেন। বেশ কয়েক বছর ধরে একজন স্বীকৃত স্ট্রাইকারের অভাবে ভুগছে বাংলাদেশ। ডুলির বিশ্বাস, ফারহানের ফিনিশিং দক্ষতা তাঁকে জাতীয় দলে গুরুত্বপূর্ণ করে তুলবে। ফারহান টুর্নামেন্ট শুরুর আগে ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশি বংশোদ্ভূত জাপানিজ উইঙ্গার শুকি চলতি সেপ্টেম্বরের শুরুতে লাওসের ক্লাব সাভান্নাখেত জেলোস থেকে যোগ দেন বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসিতে। বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন থেকেই তিনি বাংলাদেশের ঘরোয়া লিগের ক্লাবে যোগ দেন। ২২ বছর বয়সী এ উইঙ্গার ক্যাম্পে ডুলির আস্থা অর্জন করে জায়গা করে নিয়েছেন চূড়ান্ত দলে।

অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জিদান ইউসুফ ডাক পেয়েছেন জাতীয় দলে। ইংল্যান্ড প্রবাসী ১৮ বছর বয়সী এ ডিফেন্ডারকে নিয়েও কোচ বেশ আশাবাদী। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া মঞ্জুরুর রহমানও দীর্ঘ সময় পর আবার জাতীয় দলে ফিরেছেন।

হামজা চৌধুরী, শমিত সোমরা এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাঁরা ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন। তাঁরাও আছেন ২৩ জনের দলে।

আসিয়ান কাপে বাংলাদেশ খেলবে ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবেন হামজারা। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে তারা। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

আসিয়ান কাপের বাংলাদেশ দল
গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।
ডিফেন্ডার: তারিক কাজী, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান, রহমত মিয়া।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরছালিন।
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, ফাহামিদুল ইসলাম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, ফারহান আলী, মিনহাজুল করিম।

আরও পড়ুন

×