ইন্টারের কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৩
ইন্টার মিলানের কালো-নীল জার্সিতে তার কেটে গেছে ক্যারিয়ারের ১৭ বছর। সেই দীর্ঘ পথচলায় জিতেছেন চারটি সিরি আ ও দুটি ইউরোপিয়ান কাপ। ইতালির হয়ে পেয়েছেন ইউরোপসেরা হওয়ার স্বাদ, খেলেছেন বিশ্বকাপের ফাইনালেও। ইন্টার মিলানের সেই কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই। ৮৩ বছর বয়সে মারা গেছেন সাবেক ইতালি ও ইন্টার মিলান ফরোয়ার্ড। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্টার মিলান।
শৈশবেই ইন্টার মিলানের সঙ্গে যুক্ত হন মাজ্জোলা। একসময় দলটির মাসকটও ছিলেন। এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উঠে আসেন যুব দল পেরিয়ে মূল দলে। ১৮ বছর বয়সে সিনিয়র দলের হয়ে অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
ইন্টারের হয়ে ৫৬৫ ম্যাচে ১৫৮ গোল করেছেন মাজ্জোলা। তার সময়েই ইউরোপের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয় ইন্টার। ১৯৬৪ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইউরোপিয়ান কাপের ফাইনালে ৩-১ ব্যবধানের জয়ে জোড়া গোল করে আলো কেড়ে নেন মাজ্জোলা। পরের মৌসুমেও ইউরোপিয়ান কাপ ধরে রাখে ইন্টার, সেই সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
ক্লাবের হয়ে সাফল্যের পাশাপাশি জাতীয় দলেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মাজ্জোলা। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী ইতালি দলের সদস্য ছিলেন তিনি। দুই বছর পর মেক্সিকো বিশ্বকাপে ইতালির হয়ে খেলেন ফাইনালে।
তবে মাজ্জোলার জীবনের গল্প শুধু সাফল্যে ভরা ছিল না। তার শৈশবেই নেমে এসেছিল বড় ট্র্যাজেডি। মাত্র ছয় বছর বয়সে হারান বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলাকে। তিনিও ছিলেন ইতালির জাতীয় দলের ফুটবলার এবং তোরিনোর কিংবদন্তি। ১৯৪৯ সালের মে মাসে লিসবন থেকে ফেরার পথে বিমান দুর্ঘটনায় তোরিনোর পুরো দল নিহত হলে প্রাণ হারান ভ্যালেন্তিনোও। ইতিহাসে সেই দুর্ঘটনা ‘সুপারগা বিমান দুর্ঘটনা’ নামে পরিচিত।
বাবাকে হারানোর পর ইন্টারেই বেড়ে ওঠেন সান্দ্রো। তার সিনিয়র দলে অভিষেকের ঘটনাটিও ছিল সিনেমার গল্পের মতো। জুভেন্টাস সমর্থকদের মাঠে ঢুকে পড়ার কারণে আগের ম্যাচের ফল বাতিল করে পুনরায় ম্যাচ আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে ইন্টার যুব দলকে মাঠে নামায়। স্কুলের পরীক্ষা শেষ করেই তুরিনে ছুটে গিয়েছিলেন মাজ্জোলা। ম্যাচটি ইন্টার হেরে যায় ৯-১ গোলে, তবে দলের একমাত্র গোলটি করেছিলেন তিনিই।
সেই শুরু। এরপর ধীরে ধীরে ইন্টারের আক্রমণের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন মাজ্জোলা। ১৯৭৭ সালে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ইতি টানার সময় তার নামের পাশে ছিল অসংখ্য সাফল্য। এরপরও ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি। ইন্টারের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেন তিনি। পরে একই দায়িত্ব নেন বাবার পুরোনো ক্লাব তোরিনোতেও।
মাজ্জোলার মৃত্যুতে শোক জানিয়েছে ইন্টার মিলান। ক্লাবটি বলেছে, সান্দ্রো মাজ্জোলা শুধু নেরাজ্জুরিদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার নন, তিনি নিজেই ইন্টারের ইতিহাসের অংশ। শৈশবে যে ক্লাবে এসেছিলেন, জীবনের বড় একটি অধ্যায় কেটেছে সেখানেই। ১৭ বছরের সেই সম্পর্ক শেষ হয়েছিল খেলোয়াড় হিসেবে, কিন্তু ইন্টারের সঙ্গে তার বন্ধন শেষ হয়নি কখনো।
- বিষয় :
- ইন্টার মিলান