রক্ষণ দুর্বলতা নিয়ে ডার্বিতে নামছে রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৯
নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে বেশ চিন্তায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো। পর্তুগিজ এ কোচ স্বীকার করে নিয়েছেন যে তাঁর দল ম্যাচ নিয়ন্ত্রণ রাখতে পারে না। দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষার মুখে আজ তিনি। অ্যাথলেটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে আজ সে পরীক্ষায় রিয়াল ব্যাকফুটে থাকবে বলে মনে করছেন তিনি।
মরিনহোর এই দুশ্চিন্তার বড় কারণ গত বুধবার রাতে এলচের বিপক্ষে ম্যাচটি। এলচের মাঠে ৩-২ ব্যবধানে জিতলেও দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ খুবই বাজে ফুটবল খেলেছে। ক্লান্ত-শ্রান্ত বেলিংহাম-এমবাপ্পেরা তখন রীতিমতো দাঁড়িয়ে ছিলেন। চলতি মাসের শুরুতে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। অথচ সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তারা। ৯৪ মিনিটে পাওয়া পেনাল্টি মিস করেন এমবাপ্পে।
এসব কারণে মাদ্রিদ ডার্বির আগে চিন্তিত মরিনহো, ‘সমস্যাটা আমার কাছে স্পষ্ট বলে মনে হচ্ছে। তবে সমস্যাটা কেন হচ্ছে, সেটি বের করা খুব কঠিন। বেশ কয়েকটি ম্যাচে আমরা চার-পাঁচটি সুযোগ পেয়েছি ম্যাচ শেষ করে দেওয়ার। তারপরও পারিনি। এভাবে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাচ্ছে আমাদের।’
অ্যাথলেটিকো কোচ দিয়াগো সিমিওনে রিয়ালের এই দুবর্লতাকে কাজে লাগানোর অপেক্ষায় রয়েছেন বলে মনে করছেন মরিনহো। আক্রমণভাগের অনেক সমস্যা সত্ত্বেও মরিনহো বেশি চিন্তিত রক্ষণ নিয়ে, ‘শুধু ডার্বি নয়, এখন পর্যন্ত প্রতিটি ম্যাচের আগে রক্ষণ নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। ম্যাচের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়াটা আমি মোটে পছন্দ করি না। তবুও আমাদের রক্ষণ এমনটা করছে। তাদের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাচ্ছে।’
চলতি মৌসুমে লা লিগায় ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
- বিষয় :
- অ্যাটলেটিকো মাদ্রিদ
- রিয়াল মাদ্রিদ