ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

‘মালয়েশিয়া-ইন্দোনেশিয়া ম্যাচটা ব্রাজিল-আর্জেন্টিনার মতো’

‘মালয়েশিয়া-ইন্দোনেশিয়া ম্যাচটা ব্রাজিল-আর্জেন্টিনার মতো’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৫ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০১

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে অভিযান শুরু করেছে মালয়েশিয়া। তবে প্রথম ম্যাচের সাফল্য নিয়ে পড়ে না থেকে এখনই ইন্দোনেশিয়া ম্যাচকে ঘিরে প্রস্তুতি শুরু করেছে তারা। সোমবারের ম্যাচটি দুই দেশের দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে জয়ের ম্যাচে মালয়েশিয়ার হয়ে অভিষেক হয় ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড বার্গসনের। অভিষেকেই গোল করে নিজের আন্তর্জাতিক যাত্রা স্মরণীয় করেছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। তিনি বলেন, ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়াই নিয়ে স্কোয়াডে যোগ দেওয়ার পর থেকেই সতীর্থদের কাছ থেকে শুনছেন।

বার্গসনের ভাষায়, ‘মালয়েশিয়া-ইন্দোনেশিয়া ম্যাচটা ব্রাজিল-আর্জেন্টিনার মতো।’ এই ম্যাচের গুরুত্ব মালয়েশিয়ার মানুষের কাছে অনেক বেশি বলেও মন্তব্য করেন তিনি। নতুন দলের হয়ে এমন প্রতিদ্বন্দ্বিতার অংশ হতে পেরে খুশি বার্গসন।

বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়ার জয়ে জোড়া গোল করেন আরিফ আইমান। তার সঙ্গে জোহর দারুল তাজিমে খেলেন বার্গসন। সতীর্থের পারফরম্যান্সে মুগ্ধ এই ফরোয়ার্ড বলেন, ‘আরিফ দারুণ খেলোয়াড়। তাকে জেডিটি ও জাতীয় দলে পাওয়া আমাদের সৌভাগ্য।’

অধিনায়ক ডিওন কুলসও ইন্দোনেশিয়া ম্যাচের গুরুত্ব তুলে ধরেছেন। বাংলাদেশের বিপক্ষে জয়কে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম ম্যাচে জয় পাওয়াটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা ভালো খেলেছি। আরও গোল করতে পারতাম, তবে এমন স্বস্তির জয় দলের জন্য এবং আত্মবিশ্বাসের জন্য খুবই ভালো।’

আরও পড়ুন

×