এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত
ছবি- বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৩৮
জ্বরে আক্রান্ত হয়ে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নাফিস জানিয়েছেন, জাপানে পৌছানোর পর থেকেই হালজা জ্বরে ভুগছিলেন শান্ত। এরপর বাংলাদেশ দলের চিকিৎসক, বিসিবির ফিজিওথেরাপিস্ট ও স্থানীয় চিকিৎসকদের সমন্বয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। তাদের পরামর্শে এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না এই বাঁহাতি ব্যাটারের।
আগামীকালই সবচেয়ে দ্রুত পাওয়া ফ্লাইটে দেশে ফিরবেন শান্ত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) চিফ দ্য মিশন মেজর (অব.) ইমরোজ আহমেদ তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে নিরাপদে দেশে ফেরার জন্যও শুভকামনা জানিয়েছেন তিনি।
২০তম এশিয়ান গেমসের ক্রিকেটে ছেলেদের ইভেন্টে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি নকআউট পর্বে জায়গা পেয়েছে। বাকি ছয় দল আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান খেলেছে প্রথম রাউন্ডে।
২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই আসরের ফাইনাল ৩ অক্টোবর। এর আগে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর একই ভেন্যুতে হয়েছে নারী ক্রিকেটের ম্যাচ। এই আসরে কোনো পদক পায়নি বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
- বিষয় :
- এশিয়ান গেমস
- নাজমুল হোসেন শান্ত