মেসি এখন ‘ডক্টর’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৭:২৫
ফুটবল ক্যারিয়ারে অর্জনের তালিকা দীর্ঘ লিওনেল মেসির। জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের আগে সেই তালিকায় যোগ হতে যাচ্ছে আরও একটি বিশেষ সম্মান। আর্জেন্টিনার ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেস (ইউবিএ) মেসিকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উচ্চপরিষদ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। মেসির খেলোয়াড়ি সাফল্যের পাশাপাশি আর্জেন্টিনার প্রতিনিধিত্ব, বিনয়, অধ্যবসায় ও জাতীয় পরিচয়ে তাঁর প্রভাবকে সম্মান জানানোর জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছে ইউবিএ।
ইউবিএয়ের রেক্টর রিকার্দো গেলপি বলেছেন, মাঠের পরিসংখ্যানের বাইরে মেসির ব্যক্তিত্ব, বিনয় ও অধ্যবসায়কেও তারা স্বীকৃতি দিতে চেয়েছেন। তার মতে, খেলাধুলার মাধ্যমে মেসি আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হয়ে উঠেছেন।
বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে মেসির জাতীয় দলের অর্জনগুলোর কথাও উল্লেখ করা হয়েছে। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা ও কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার রানার্সআপ হওয়ার পথেও তিনি দলের অধিনায়ক ছিলেন।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন মেসি। সেই ম্যাচের আগে তাকে এই সম্মাননা দেওয়ার কথা রয়েছে। ফলে জাতীয় দলের বিদায়ী ম্যাচের আগে আরও একটি বিশেষ স্বীকৃতি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা।
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা