রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি যাকে দিলো পর্তুগাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৯:০৩
ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছাড়ার পরই তার ৭ নম্বর জার্সি পেয়েছেন রাফায়েল লেয়াও। উয়েফার প্রকাশিত ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচের স্কোয়াড তালিকায় লেয়াওকে ৭ নম্বর জার্সিতে রাখা হয়েছে।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে এমনটিই নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো। বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে রোমানো লেখেন, ‘পর্তুগালের জন্য আজ রোনালদোর আইকনিক ৭ নম্বর জার্সিটি পরবেন রাফায়েল লেয়াও।’
তিনি আরও লেখেন, ‘পর্তুগাল দল নিশ্চিত করেছে যে, রোনালদো চলে যাওয়ার কারণে আগামী দুই ম্যাচে লেয়াও ৭ নম্বর জার্সিটি গায়ে জড়াবেন।’
এর আগে লেয়াও পর্তুগালের হয়ে ১৭ নম্বর জার্সি পরতেন। রোনালদোর অনুপস্থিতিতে সেটি এখন দেওয়া হয়েছে ফাবিও সিলভাকে। উয়েফা নেশন্স লিগের নিয়ম অনুযায়ী ম্যাচের স্কোয়াডে ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত জার্সি বরাদ্দ রাখতে হয়, ফলে রোনালদো না থাকায় ৭ নম্বরটি অন্য খেলোয়াড়কে দিতে হয়েছে।
রোনালদো বুধবার পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান। এর আগে নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে পুরো সময় বেঞ্চে বসিয়ে রাখেন কোচ জর্জ জেসুস। রোনালদো পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোএন্সার সঙ্গে কথা বলার পর ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সিদ্ধান্তের বিস্তারিত কারণ পরে জানাবেন বলেও জানান তিনি।
রোনালদোর অনুপস্থিতিতে তাই ডেনমার্কের বিপক্ষে লেয়াওয়ের গায়ে দেখা যাবে পর্তুগালের ঐতিহাসিক ৭ নম্বর জার্সি। তবে এটি স্থায়ীভাবে জার্সি নম্বর পরিবর্তনের সিদ্ধান্ত কি না, তা এখনো স্পষ্ট নয়।
- বিষয় :
- ক্রিশ্চিয়ানো রোনালদো
- পর্তুগাল