ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আরও যারা
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৩:২৯
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ১৪ দলের এই বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। ৮ অক্টোবর উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড ছাড়াও আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও কোয়ালিফায়ার ‘বি’। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ১২ অক্টোবর কুয়েকোম্পো সিটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা এবং ২৩ অক্টোবর তশোয়ানেতে কোয়ালিফায়ার ‘বি’-এর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।
বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে ৭ অক্টোবর। কেপটাউনে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে মূল পর্বের খেলা শুরু হবে। এর আগে ২ অক্টোবর নামিবিয়ায় শুরু হবে তিন দলের সুপার সিরিজ। কোয়ালিফায়ার থেকে সরাসরি গ্রুপ পর্বে জায়গা পাওয়া একটি দলের সঙ্গে বাকি তিন দল সুপার সিরিজে খেলবে। সুপার সিরিজের শীর্ষ দলটি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে।
গ্রুপ পর্বে দুই গ্রুপের শীর্ষ তিন দল সরাসরি সুপার সেভেনে উঠবে। দুই গ্রুপের চতুর্থ দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দলও সপ্তম দল হিসেবে এই পর্বে জায়গা পাবে। সুপার সেভেনে কোনো দল গ্রুপ পর্বের পয়েন্ট বহন করবে না। প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে।
সুপার সেভেন পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে। ১৭ ও ১৮ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল।
এবারের বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচ হবে ১২টি ভেন্যুতে—দক্ষিণ আফ্রিকার আটটি, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার একটি ভেন্যুতে।