কাভান সুলিভানে মুগ্ধ আমেরিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৬:৪৬
হয়তো মেজো ভাই রোনান কিংবা ডেক্লানের মতো তিনিও বাংলাদেশকেই বেছে নিতেন, হয়তো তাঁকে ঘিরেও এখন উন্মাদনা চলত পদ্মাপারে। কিন্তু কাভান সুলিভানের আকাশ যে অনেক বড়। মাত্র ১৭ বছর বয়সেই যুক্তরাষ্ট্র ফুটবল কাঁপিয়ে দিয়েছেন এই কিশোর অ্যাটাকিং মিডফিল্ডার। মেজর লিগ সকারে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে ‘মাস সেরা’ নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে আমেরিকা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচও খেলেছেন। কাভানকে ঘিরে কোচ পচেত্তিনো আগামী বিশ্বকাপে আমেরিকার স্বপ্ন বুনছেন। সেখানে কাভানের সাফল্যের আলোয় দূর প্রান্তের এক বাংলাদেশও যেন সমান গর্বিত। চার ভাইয়ের মধ্যে দুজন বেছে নিয়েছেন লাল-সবুজের বাংলাদেশ, আর বাকি দুজন আমেরিকার ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’।
মা হেইকি সুলিভানের সূত্র ধরেই কাভানের বাংলাদেশি শিকড়। তাঁর নানি সুলতানা আলম ঢাকার মেয়ে। জার্মান নাগরিককে বিয়ে করার সূত্রে তাঁর মেয়ে হেইকিও জার্মান বংশোদ্ভূত পরিচয় বহন করেছেন। তিনি নিজেও বিয়ে করেছেন জার্মান নাগরিক বেন্ড্রন সুলিভানকে। ব্রেন্ডন একজন প্রাক্তন ফুটবলার। তিনি ফিলাডেলফিয়া ইউনিয়নের একটি ফুটবল একাডেমিতে শিক্ষক ও কোচ হিসেবে যুক্ত আছেন। সুদূর ফিলাডেলফিয়ায় বসেও এই পরিবারটি কিন্তু নিজেদের সুতো ছিঁড়ে যেতে দেয়নি বাংলাদেশের মাটি থেকে। রোনানের লাল-সবুজ জার্সিতে অভিষেকের দিনে নিজের ইনস্টাগ্রামে কাভান বাংলাদেশের পতাকা দিয়ে ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছিলেন। নিজের জন্য বিশেষভাবে তৈরি প্রথম থ্রিডি বুটে মার্কিন ও জার্মান পতাকার পাশে তিনি সগর্বে স্থান দিয়েছেন বাংলাদেশের মানচিত্রকেও।
মাত্র ১৪ বছর বয়সে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে মেজর লিগ সকারে অভিষেকের পর তাঁর ড্রিবলিংয়ের সৌন্দর্য, তাঁর গতি, তাঁর পজিশন সেন্স নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। আর এই প্রতিভাকে চিনে নিয়েছে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি। চুক্তি হয়েছে ক্লাবটির সঙ্গে, বয়স ১৮ হলেই তিনি মেসিদের এই মেজর লিগ থেকে পাড়ি জমাবেন ইংল্যান্ডের ইংলিশ লিগে।
কাভানের বুনিয়াদ অসাধারণ। বল তাঁর পায়ের সঙ্গে আঠার মতো লেগে থাকে এবং তাঁর গতিময় নড়াচড়া প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনে ভয় ধরিয়ে দেয়। তিনি অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি চটপটে, ফলে যে কোনো দিকে ঘুরে গিয়ে সহজেই বিপদ এড়াতে পারেন। তবে তাঁর যে গুণটি তাঁকে অন্য তরুণদের চেয়ে আলাদা করে তুলেছে, তা হলো তাঁর সৃজনশীলতা। চলতি মৌসুমে মেজর লিগে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৭টি গোল এবং ১২টি অ্যাসিস্ট করে প্রথমবারের মতো জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন।
ফিলাডেলফিয়ার উপকণ্ঠে শৈশবের ক্লাব এফসি ডেলকো থেকেই সুলিভানের ভবিষ্যৎ ফুটবল বিস্ময় হয়ে ওঠার যাত্রা শুরু। ডেলকোর জেনারেল ম্যানেজার রব এলিয়ট সুলিভান পরিবারের সব সন্তানকেই বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলতে দেখেছেন এবং বহু বছর ধরে এই পরিবারকে চেনেন। এলিয়ট সিএনএন স্পোর্টসকে বলেন, ‘কাভানের বয়স তখন বোধহয় ৯ বছর বা এর কাছাকাছি, কিন্তু তখনই বোঝা গেছে সে এক অসাধারণ প্রতিভার অধিকারী। মাঝে মাঝে এমন কিছু বাচ্চা আসে, যারা আসলেই অন্যভাবে তৈরি, তাই না? তাদের মানসিকতা, কাজের প্রতি তাদের মনোযোগ একেবারেই আলাদা।’
- বিষয় :
- কাভান সুলিভান