চাঁদপুরে ফকিরাপুলকে হারিয়ে মোহামেডানের জয়
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১৯:০৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ২০:১৩
চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগে ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে জাহিদুল ইসলাম শান্তর প্রথমার্ধের গোলে জয় নিশ্চিত করে সাদা-কালোরা।
চাঁদপুর স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। ফকিরাপুলও মোহামেডানের ওপর চাপ তৈরি করে বেশ কয়েকটি আক্রমণ গড়ে তোলে। তবে ১৮ মিনিটে গোলের দেখা পায় মোহামেডান।
উজবেকিস্তানের ফুটবলার ও মোহামেডানের অধিনায়ক মুজাফফারের নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন জাহিদুল ইসলাম শান্ত। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান। এরপর আর কোনো গোল না হলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাদা-কালোরা।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ফকিরাপুল। একাধিক আক্রমণও তৈরি করে তারা। তবে মোহামেডানের রক্ষণভাগের দৃঢ়তায় বারবার বাধা পায় প্রতিপক্ষ। ফকিরাপুলের গাম্বিয়ান ফরোয়ার্ড সোলেমান সিলাও কয়েকটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।
গত ১৮ সেপ্টেম্বর দেশের পাঁচটি ভেন্যুর সঙ্গে চাঁদপুর স্টেডিয়ামেও বাংলাদেশ ফুটবল লিগের এবারের আসরের উদ্বোধন হয়। একই দিনে বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম (গাজীপুর), গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম এবং শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামেও লিগের খেলা শুরু হয়।
চাঁদপুর স্টেডিয়ামে আগামীকাল শনিবার বিকেল ৩টায় মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও আবাহনী ক্লাব।
ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব টিম চাঁদপুর স্টেডিয়ামে আগমন করলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অফিসিয়ালদের ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয় । ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক চাঁদপুরের সন্তান মাহবুবুর রহমান শাহিন এবং চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিমকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক (স্পোর্টস) মোস্তাকুর রহমান,অফিসিয়াল বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাবুল, সাঈদ হাসান কানন, চাঁদপুর আবাহনী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান সফিকুজ্জামান, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি এডভোকেট নুরুল আমিন খান আকাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু,সদস্য ফয়সাল আহমেদ বাহারসহ অন্যরা।
- বিষয় :
- চাঁদপুর
- বাংলাদেশ ফুটবল লিগ
- মোহামেডান