ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বেড়াতে গিয়ে বিপাকে তারা...

বেড়াতে গিয়ে বিপাকে তারা...
×
×

সেকান্দার আলী

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৩:৫৩ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১৩:৫৩

বিদেশে সিরিজ বা টুর্নামেন্ট খেলার ফাঁকে দর্শনীয় স্থান ভ্রমণ করা ক্রিকেটারদের জন্য নতুন নয়। দল বেঁধে বা দু-তিনজন মিলে ভ্রমণ করার জন্য অনুমতিও দেয় টিম ম্যানেজমেন্ট। নাগোয়া এশিয়ান গেমস খেলতে যাওয়া বাংলাদেশ দলের তিন ক্রিকেটার সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন অনুমতি না নিয়ে বেড়াতে গিয়ে ফেঁসে গেছেন। এশিয়ান গেমসের ভেন্যু নাগোয়ার পার্শ্ববর্তী একটি শহরে সারাদিন ঘোরাঘুরি করে বিকেলে টিম হোটেলে ফিরে আসেন তারা। 

তিন ক্রিকেটারের অন্য একটি শহরে ভ্রমণ করতে যাওয়ার ঘটনা এক কান দুই কান হয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল পর্যন্ত পৌঁছায়। ম্যানেজার বিষয়টি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান তামিম ইকবালকে অবহিত করেন। বোর্ড সভাপতি অভিযুক্ত তিন ক্রিকেটারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে একটি সূত্র জানায়। নাফিস ইকবালের কাছে এ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জাপান থেকে ফোনে বলেন, ‘তেমন কিছু না।’ বিসিবি সভাপতি বিদেশে থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এশিয়ান গেমস কাভার করতে যাওয়া সমকালের রিপোর্টার জানতে পেরেছে নিয়ম ভাঙার অভিযোগে তিন ক্রিকেটারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিসিবি শৃঙ্খলা কমিটির সদস্য সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি শুনেছি তিনজন ক্রিকেটার না বলে বেড়াতে গিয়েছিল। তাদের নাম জানতে চাইনি। জাতীয় দলের ক্রিকেটাররা চুক্তিভুক্ত হওয়ায় ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে নোটিশ ইস্যু করে। সব কিছু শৃঙ্খলা কমিটিকে দেখার প্রয়োজন হয় না। যেটুকু ব্যবস্থা নেওয়ার ক্রিকেট পরিচালনা বিভাগ (অপারেশন্স) নিয়েছে হয়তো।’ 

ওই তিন ক্রিকেটারের জবাব সন্তোষজনক না হলে তিন থেকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হতে পারে বলে জানা গেছে। বিভাগীয় ব্যবস্থা গ্রহণে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে জানার চেষ্টা করে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীসকে ফোন করা হয়েছিল। তিনি ফোন ধরেননি। গত ২৪ সেপ্টেম্বর জাপান গেছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেননি লিটন কুমার দাসরা। ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি বৃষ্টির কারণে। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উন্নীত হয় বাংলাদেশ।

সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় ব্রোঞ্জপদকের জন্য খেলতে হচ্ছে লিটন কুমার দাসদের। শ্রীলঙ্কার বিপক্ষে আজ হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি। তবে রিশাদরা বেড়াতে গিয়েছিলেন বৃষ্টিতে অনুশীলন বন্ধ থাকা দিনে। 

গেমসের শহর নাগোয়ার নায়াবাসি আপা হোটেলে আবাস তাওহীদ হৃদয়দের। ক্রিকেটার দলের হোটেল কিছুটা দূরে হওয়ায় তেমন খোঁজখবর রাখতে পারেননি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কর্মকর্তারা। সেভ দ্য মিশন মেজর (অব) ইমরোজ আহমেদ বলেন, ‘খেলোয়াড়রা বেড়াতে গেলে বলে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আছে। টিম ম্যানেজমেন্ট ও আমাদের জানাতে হবে। আমাদের কাছে দল থেকে কিছু বলা হয়নি।’

ইমরোজের মতে, খেলতে এসে কোনো খেলোয়াড়ের নিয়ম ভাঙা উচিত না। যে ক্রিকেটাররা বেড়াতে গেছেন, কোনো দুর্ঘটনা হলে দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ত। না বলে বেড়াতে যাওয়ার অভিযোগ ওঠা তিন ক্রিকেটারের ফোনে বার্তা দেওয়া হলে তারা সাড়া দেননি। বিসিবি সভাপতি তামিম ইকবাল শৃঙ্খলার ব্যাপারে কঠোর। 

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, অনিয়ম হলে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হবে। স্টাফ থেকে খেলোয়াড়– সবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের কেউ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) কমিটিতে থাকতে পারবে না। চুক্তির ধারা-উপধারাতেও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সেখানে বিদেশে খেলতে যাওয়া কোনো ক্রিকেটারের অনিয়মকে হালকাভাবে না-ও দেখতে পারেন বোর্ড সভাপতি। তিনি ব্যক্তিগত কাজে বিদেশ যাওয়ায় প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। এদিকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ। তাওহীদ হৃদয়, লিটন কুমার দাসরা দুবাই যাবেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে।

আরও পড়ুন

×