ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

‘দেশবাসীর কাছে লজ্জিত’, এশিয়ানে ব্যর্থতার দায় নিলেন সালাহউদ্দিন

‘দেশবাসীর কাছে লজ্জিত’, এশিয়ানে ব্যর্থতার দায় নিলেন সালাহউদ্দিন
×
×

ছবি- বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৬:৪৭

স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গেলেও পদকশূন্য হয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানের কাছে হেরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জের ম্যাচেও হেরেছে লিটন দাসের দল। এমন ব্যর্থতার পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে সালাহউদ্দিন বলেন, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’

এশিয়ান গেমসে বাংলাদেশের দুই ম্যাচেই বোলিংয়ে বড় সমস্যা দেখা গেছে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে রান আটকাতে পারেনি বোলাররা। দলের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে বোলিংয়ের এই দুর্বলতাকেই দেখছেন সালাহউদ্দিন। ‘এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট, তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশি উইকেট হারিয়েছি,’ বলেন তিনি।

মুস্তাফিজুর রহমানও দুই ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তবে দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা এই পেসারের পাশে দাঁড়িয়েছেন কোচ। সালাহউদ্দিন বলেন, ‘মুস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল এবং সে আমাদের গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে।’

অধিনায়ক লিটন দাসের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। তবে অধিনায়কের পাশে দাঁড়িয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমি সব সময় বলব, তারা দেশের জন্য লড়ে। তারা ফেইল করছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। টু বি অনেস্ট, আমরা টোটাল টিম হিসেবে ভালো পারফর্ম করিনি।’

এশিয়ান গেমস জুড়েই রয়েছে আবাসন সঙ্কট ও খাবারের সঙ্কট। অনেক দলকে নিজেদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করতে বলেছিলেন আয়োজকরা। তবে ক্রিকেটারদের সেই সুযোগ সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আয়োজকরা। ভালো অবস্থায় থেকেও দুর্বল শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা বঞ্চিত হওয়ার কারণে হতাশ সালাহউদ্দিন। তিনি বলেন, ‘আমরা সবাই হতাশ। আমরা এখানে লক্ষ্য নিয়ে এসেছিলাম, কিন্তু ফেইল করেছি। ভালো খেলতে পারিনি। প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় আমরা গেমপ্ল্যান ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটিংয়ে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় ম্যাচটি বের করা সম্ভব হয়নি।’

আরও পড়ুন

×