এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ১৭:২৩
এশিয়ান গেমসে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুধু অংশ নেওয়া নয়, এখন বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত সরাসরি পদকের জন্য লড়াই করা।
রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল হক বলেন, ‘এশিয়ান গেমসে এবারের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধান ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে।’
এবার পূর্ণ শক্তির দল নিয়ে এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিয়েছিল বাংলাদেশ। আগের তিন আসরেই পদক জেতা পুরুষ ক্রিকেট দল এবার সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায়। এরপর ব্রোঞ্জের লড়াইয়েও শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য থাকতে হয় বাংলাদেশকে।
ভবিষ্যতে যেসব খেলায় বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা বেশি, সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।’
২০১০ সালে এশিয়ান গেমসে ক্রিকেটের অভিষেকেই আফগানিস্তানকে হারিয়ে সোনা জিতেছিল বাংলাদেশ। ২০১৪ ও ২০২৩ আসরে জিতেছিল ব্রোঞ্জ। এবারই প্রথম এশিয়ান গেমস ক্রিকেট থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হলো বাংলাদেশকে।
- বিষয় :
- আমিনুল হক
- এশিয়ান গেমস