ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের অনুশীলনে মেসি, বিদায় মঞ্চ প্রস্তুত 

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের অনুশীলনে মেসি, বিদায় মঞ্চ প্রস্তুত 
×

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে অনুশীলনে লিওনেল মেসি

স্পোটর্স ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:০৮

আর একটি ম্যাচ। এরপরই সমাপ্তি ঘটছে ঝলমলে স্বর্ণালী একটি অধ্যায়। বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি বিদায়ী ম্যাচটি খেলবেন বুধবার বাংলাদেশ সময় ভোরে। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন এই মহাতারকা। 

নিজ দেশের জার্সিতে শেষ ম্যাচের আগে শেষবারের মতো জাতীয় দলের অনুশীলনে নেমেছেন তিনি। জাতীয় দলের খবর অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই আর্জেন্টিনা দল কোচিং স্টাফদের অধীনে অনুশীলন শুরু করেছে। বেনিনের বিপক্ষে মাঠে নামার আগে সোমবার শেষবারের মতো অনুশীলনে নামবে তারা। ম্যাচের আগে মেসি এবং কোচ স্কালোনি উভয়েই গণমাধ্যমের মুখোমুখি হতে পারেন বলে আশা করা হচ্ছে।

নিজ দেশের জার্সি গায়ে শেষ ম্যাচে বিশেষ ডিজাইন করা জার্সি পরবেন মেসি। যা খেলা শেষে তার ব্যক্তিগত ট্রফি ও পুরস্কারের সংগ্রাহশালায় শোভা পাবে। আকাশী-সাদা রঙের এই জার্সির ঠিক মাঝখানে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্য এবং তার নাম ও নম্বর থাকবে সোনালী রঙে।

আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় জানিয়েছিলেন মেসি। তবে ঘরের মাঠে বিদায়টা রাঙাতে শেষ ম্যাচের আয়োজন করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় পৌঁছেছেন দুই দিন আগে। শুক্রবার নিজ শহর রোজারিওতে পৌঁছান তিনি। এরপর রোববার বুয়েনস এইরেসে ফিরে যোগ দিয়েছেন এএফএ অনুশীলন মাঠে। এরই মধ্যে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের অনুশীলন ক্যাম্পে বিশ্বকাপজয়ী অধিনায়কের পৌঁছানোর একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। রোজারিওতে দুই দিন কাটানোর পর আলবিসেলেস্তে অধিনায়ক বুয়েনস আইরেসে পৌঁছান, যাতে কোচ লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারেন।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস সূত্রে জানা গেছে, বিদায়ী ম্যাচ খেলতে স্ত্রী, তিন ছেলে ও মাকে নিয়ে রোজারিওতে পৌঁছেছেন মেসি। দ্রুতই আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ২০২২ বিশ্বকাপজয়ী এ মহাতারকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জাতীয় দলের সতীর্থ ও কোচিং স্টাফরা। 

৩৯ বছর বয়সী এ ফুটবলারকে বিদায় জানাতে এরই মধ্যে সতীর্থরা বিশেষ একটি ভিডিও তৈরি করেছেন। সে ভিডিওতে আর্জেন্টিনার নেতৃত্ব পাওয়া কুতি রোমেরো বলেছেন, মেসিকে তিনি কতটা ভালোবাসেন, সেটা কখনও ভাষায় প্রকাশ করতে পারেননি বলে তাঁর মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যাবে। মেসির পরামর্শেই তাঁকে জাতীয় দলের নেতৃত্বের জন্য মনোনীত করা হয়েছে বলে জানান রোমেরো।

মেসিকে ছাড়া প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। রোববার ভোরে বুরকিনা ফাসোর জালে ৭ গোল দিয়েছে আর্জেন্টিনা।


এদিকে মেসির বিদায়কে স্মরণীয় করতে তাঁর সঙ্গে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে এ ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। ভিডিও বার্তায় এএফএ সভাপতি বলেন, ‘লিওনেল এই আমন্ত্রণ গ্রহণ করার পর আমরা কাতারে তাঁর সঙ্গে খেলা ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে পরিবারসহ এ ম্যাচে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যা স্মরণীয় উপলক্ষ হতে চলেছে।’গত বিশ্বকাপে ফাইনাল ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। এরপর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার। 

নিজের ফেসবুক পেজে অবসরের কথা জানিয়ে মেসি বলেন, ‘ফাইনালের পর থেকে অনেক সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এটি এমন একটি সিদ্ধান্ত, যা হৃদয়ে প্রচণ্ড কষ্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এখনই সরে দাঁড়ানোর সময়। আমি শপথ করে বলতে পারি, সবসময় নিজেকে উজাড় করে দিয়েছি। শুধু সাম্প্রতিক কয়েক বছরে, যখন আমরা সবকিছু জিতেছি, তা নয়; এর আগেও জাতীয় দলের এই জার্সির জন্য সবসময় লড়েছি।’

জাতীয় দলের হয়ে দেশের মানুষকে আনন্দ দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘ফুটবলের মাধ্যমে যেন আপনারা আর্জেন্টাইন হওয়ার জন্য গর্ববোধ করেন, সেই চেষ্টা সবসময় করেছি।’

অবসরের সিদ্ধান্তের কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, ‘আর খুব বেশি সময় বাকি নেই, একের পর এক অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। এটি এমন একটি অধ্যায়, যা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। জাতীয় দলে থাকা আমি ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসব। আমি নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু নেই। তাছাড়া পেছন থেকে দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য।’ 

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের সমর্থনের শব্দ আমি খুব মিস করব। এখন আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে জাতীয় দলকে সমর্থন করব। ভালো সময় হোক কিংবা খারাপ সময়, সবসময় পাশে থাকব।’

পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, ‘এই সুন্দর কিন্তু কঠিন যাত্রায় সবসময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। তাদের সঙ্গে কাটানো স্মৃতি ও মুহূর্তগুলো আমি কখনও ভুলব না।’

জাতীয় দলের হয়ে সতীর্থদের সঙ্গে পাওয়া সাফল্যের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার সতীর্থদের সঙ্গে আপনাদের স্বপ্নের মুহূর্তগুলো উপহার দিতে পেরেছি, এ নিয়ে আমি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে এসব মুহূর্ত উপভোগ করা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। আমি আপনাদের ভালোবাসি।’

সবশেষে আর্জেন্টিনার হয়ে খেলতে পারাকে সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, ‘আর্জেন্টাইন বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা।’ 


 

আরও পড়ুন

×