ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান সিরিজ

প্রস্তুতির সময় নেই লিটনদের

প্রস্তুতির সময় নেই লিটনদের
×

দুবাইয়ে আরব আমিরাত একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে মাঠ ছাড়ছেন জাকির, মিরাজ ও খালিদরা (ছবি-বিসিবি)

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ১৩:৫৮

দুদিনের অনুশীলন আর প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে মুশফিকুর রহিমদের শরীর দেখে মনে হবে উনুনে পোড়া। লু হাওয়ায় মানিয়ে নিতে মেহেদী হাসান মিরাজরা আজও প্রস্তুতি ম্যাচ খেলবেন আইসিসির একাডেমি মাঠে। আসলে বালুময় নগরে ৪০ থেকে ৪২ ডিগ্রি গরমে টেস্ট ম্যাচ খেলার কথা ভাবতেই কেমন গা ছমছম করে। তার ওপর দুবাইয়ে প্রস্তুতি নিয়ে ম্যাচ খেলতে হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

এই দুই শহরের তাপমাত্রা বা কন্ডিশনের তেমন ভিন্নতা নেই, শুধু মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ। কারণ আরব আমিরাতে আগে কখনও টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই নাজমুল হোসেনদের। মরুর গরমে হাঁসফাঁস হয়ে খেলতে হবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ। তাও একাদশের ছয়জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার মাঠে নামবেন প্রস্তুতির ঘাটতি নিয়ে। এশিয়ান গেমসের কারণে টেস্ট ম্যাচের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় পাচ্ছেন না লিটনরা। 

বাংলাদেশ সাদা বলের অনেক ম্যাচ খেলেছে আরব আমিরাতে। টি২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, দ্বিপক্ষীয় সিরিজ খেলার অভিজ্ঞতা থাকলেও লাল বলের ক্রিকেট খেলবে প্রথম। পাঁচ দিন মাঠে থেকে ভালো ক্রিকেট খেলার অন্তরায় হতে পারে অনভিজ্ঞতা। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের মতে, ‘এখানে চ্যালেঞ্জ হলো গরম। কারণ ৬ ঘণ্টা মাঠে ক্রিকেট খেলতে হবে তিনটি সেশনে। মরুভূমিতে টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকায় কিছুটা সমস্যা হতে পারে। তবে আমরা সাত দিন আগে আসায় ভালো হয়েছে। দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলছি। রোদ ও গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি ম্যাচটি খুব প্রয়োজন ছিল। বোর্ড ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে।’ 

আরব আমিরাতের দ্বিতীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলছেন সৌম্য সরকাররা। ক্রিকেটারদের টিকে থাকার মানসিকতা দেখছেন কোচ ফিল সিমন্স। বোলারদের মানিয়ে নেওয়ার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। যদিও ছয়জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার প্রস্তুতি ম্যাচ খেলছেন না। লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ জাপান রয়েছেন এশিয়ান গেমসের জন্য। গতকাল গেমসের সমাপনী অনুষ্ঠানের মাঠ প্রদক্ষিণে যোগ দেন তারা। লিটনের হাতে ছিল দেশের পতাকা। গেমস শেষ করে আজ আমিরাতের উদ্দেশে জাপান ছাড়বেন তারা। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, লিটনরা দুবাই পৌঁছাবেন কাল সকালে। অসুস্থতার কারণে গেমস থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেন শান্ত আমিরাত যাচ্ছেন আজ। 

টেস্টের সেরা একাদশের গুরুত্বপূর্ণ চারজন ব্যাটার আর দুজন পেসার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার তেমন সুযোগ পাচ্ছেন না। এক-দুই সেশন অনুশীলন করে ৯ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে নামবেন লিটনরা। আফগানদের বিপক্ষে প্রথম অ্যাওয়ে আর সব মিলিয়ে তৃতীয় টেস্ট ম্যাচ খেলবেন নাজমুলরা। আমিরাতের বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ শেষ করে স্ট্যান্ডবাই থাকা তিনজন পেসার দেশে ফেরার বিমান ধরবেন রাতে। দলের সঙ্গে যোগ দেবেন ছয়জন ক্রিকেটার। 

রোববার দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে আমিরাতের দ্বিতীয় একাদশের বিপক্ষে লড়াই জমাতে পারেননি মুশফিকরা। ৭৮.১ ওভারে ২৩৪ রানে শেষ হয় টাইগারদের প্রথম ইনিংস। ওপেনিং জুটিতে সাদমান ইসলাম ও সৌম্য সরকার ভালো করেছেন। সাদমান ৪৬ করে উইকেট হারালেও সৌম্য ৫৭ রানে অবসর নিয়েছেন। তিন নম্বরে নেমে মুমিনুল হক করেন ৩৩ রান। মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ রান না পেলেও নাঈম হাসানের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মুশফিক হাসান থিতু হতে পারেননি। ভালো দিক হলো ৭৮ ওভার ব্যাট করতে পেরেছে বাংলাদেশ। বোলিং ও ফিল্ডিংয়ের পরীক্ষা হবে আজ। 
 

আরও পড়ুন

×