শেষ ১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১১:৫৫ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১২:০৩
উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত প্রত্যাবর্তনে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। এক গোলে পিছিয়ে থাকা ফরাসিরা শেষ ১৪ মিনিটে চারবার জালের দেখা পায়। এই জয়ে কোচ হিসেবে জিনেদিন জিদানের অপরাজিত যাত্রাও অব্যাহত থাকল।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ফ্রান্স। তবে প্রথম গোলটি পায় বেলজিয়াম। ৩৫ মিনিটে রোমেও লাভিয়ার প্রায় ৬০ গজের থ্রু বল ধরে ফরাসি গোলরক্ষক হিসেবে অভিষেক হওয়া গিয়োম রেস্তেকে পরাস্ত করেন দোদি লুকেবাকিও। ফলে বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না তারা। অবশেষে ৭৭ মিনিটে বক্সের বাইরে থেকে দেজিরে দুয়ের নিচু শটে সমতায় ফেরে ফরাসিরা।
এর চার মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকরা। মাইকেল ওলিসের কাটব্যাক থেকে বল পেয়ে বদলি হিসেবে নামা রায়ান শেরকি ফ্রান্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ফ্রান্স।
৮৭ ও যোগ করা সময়ে আরও দুটি গোল করেন ওলিসে। দুই গোলেই সহায়তা করেন দুয়ে। ফলে শেষ ১৩ মিনিটে চার গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স। জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা ওলিসে ২০২৬ সালে ফ্রান্সের হয়ে ১৬ ম্যাচে ১৭ গোলে সরাসরি অবদান রাখলেন।
এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ১-এর শীর্ষে ফ্রান্স। বেলজিয়াম ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
গ্রুপের অন্য ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ইতালি। ইতালির হয়ে গোল করেন জিয়ানলুকা স্কামাক্কা, রিকার্দো কালাফিওরি ও পিও এসপোসিতো। তুরস্কের একমাত্র গোলটি করেন আরাল সিমসির।
- বিষয় :
- উয়েফা নেশন্স লিগ
- বেলজিয়াম
- ফ্রান্স