প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ডের কাছে বাংলাদেশের হার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৩:৫২ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৪:১৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতির প্রথম পরীক্ষায় হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুইন্সল্যান্ড ফায়ারের বিপক্ষে ৭০ রানে হেরেছে নিগার সুলতানার দল। ৩৬ ওভারের প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড ৯ উইকেটে ২৬৬ রান করার পর বাংলাদেশ ৭ উইকেটে ১৯৬ রান করে।
ইয়ান হিলি ওভালে টস জিতে আগে ব্যাটিং নেয় কুইন্সল্যান্ড। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন তাদের ব্যাটাররা। সর্বোচ্চ ৯৪ রান করেন নট। ৬৪ বলে তার ইনিংসে ছিল ১৩টি চার। হ্যারিস সাত চার ও তিন ছক্কায় ৫০ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া উইনফিল্ড-হিল করেন ৪৮ রান। বাংলাদেশের হয়ে পিংকি চারটি এবং মারুফা আক্তার দুটি উইকেট নেন।
জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ফারজানা হক ১৬ ও শারমিন সুলতানা ২৮ রান করে ফিরলে চাপ বাড়ে। এরপর সোবহানা মোস্তারি ও সুলতানা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শারমিন সুপ্তা ৬৭ বলে ৬৮ রান করেন ছয়টি চারের সাহায্যে। সোবহানা চারটি চার ও দুটি ছক্কায় ৫৪ বলে ৪৯ রান করেন।
শেষ পর্যন্ত বড় লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। ৩৬ ওভারে ৭ উইকেটে ১৯৬ রানেই থামে তাদের ইনিংস। কুইন্সল্যান্ডের হয়ে হ্যানকক তিনটি এবং বাসিংথওয়াইট, সুসি ও হ্যারিস একটি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৩ অক্টোবর ব্রিসবেনে পৌঁছেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। ৯, ১১ ও ১৪ অক্টোবর হবে সিরিজের তিনটি ওয়ানডে। তার আগে কুইন্সল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিই ছিল বাংলাদেশের একমাত্র প্রস্তুতি পরীক্ষা।