আট বছর পর দক্ষিণ আফ্রিকায় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৩:০০
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কাণ্ডে উলটপালট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। ‘স্যান্ডপেপারগেট’ নামের ওই কেলেঙ্কারিতে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আট বছর পর আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া, নামছেন স্টিভ স্মিথ।
ওই ঘটনার সময় দক্ষিণ আফ্রিকা দলে থাকা টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, কাগিসু রাবাদা, কেশভ মহারাজও আছেন স্কোয়াডে। এর মধ্যে অনুশীলনের সময় চোট পাওয়ায় রাবাদা মাঠে নামতে পারছেন না। বাকিরা সেই স্মৃতি নিয়ে মাঠে নামছেন। ওই তিক্ত অভিজ্ঞতা ছাড়াও অস্ট্রেলিয়ার কাছে আরও একটি কারণে এই টেস্ট প্রতিশোধের মিশন। গত বছর লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল তারা। তবে ওই টেস্ট জিতে শিরোপা জেতা প্রোটিয়ারা এরপর খুব একটা এই ফরম্যাটে খেলেনি। এর মধ্যে গত ১৭ মাসে ঘরের মাটিতে তারা টেস্ট খেলেনি। তাই স্বাগতিকদের জন্য ভালোই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে টেস্ট সিরিজটি। আর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ ড্র করা অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পোক্ত করার সুযোগও। প্রোটিয়ারা পয়েন্ট টেবিলে আছে দ্বিতীয় স্থানে।
অস্ট্রেলিয়ার জন্য এই ম্যাচে ব্যাটিংয়ে ভালো করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর মধ্যে তিন নম্বরে ব্যাটিং করতে নামা মারনস ল্যাবুশেনের ওপর নজর থাকবে সবার। ফর্মে না থাকলেও ক্যামেরন গ্রিন চোটে পড়ায় আরও একটি সুযোগ পাচ্ছেন ল্যাবুশেন। গ্রিন চোটে পড়ায় অলরাউন্ডার ওয়েবস্টার ব্যাটিংয়ে প্রমোশন পাচ্ছেন এবং কুপার কনোলি সাত নম্বরে ব্যাটিং করতে পারেন।
অস্ট্রেলিয়া দলে আছেন একমাত্র স্পিনার নাথান লায়ন এবং তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও যশ হ্যাজেলউড। ডারবানের পিচের কথা ভেবেই দক্ষিণ আফ্রিকা দুই স্পিনার কেশভ মহারাজ ও সাইমন হারমারকে নিয়ে বোলিং আক্রমণ সাজাচ্ছে। রাবাদা চোটে পড়ায় আনরিখ নরখিয়ার মাঠে নামা প্রায় নিশ্চিত। তাঁর সঙ্গে আছেন মার্কো ইয়ানসেন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার।
- বিষয় :
- অস্ট্রেলিয়া
- দক্ষিণ অফ্রিকা