ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬ | ১৮:০৫

অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ব্রিসবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৪৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মেগান শুটের প্রথম বলেই ফেরেন ফারজানা হক। পরে শারমিন সুলতানা ও শারমিন আক্তার সুপ্তা আউট হলে চাপে পড়ে দল। অধিনায়ক জ্যোতি ২৯ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন রিতু মনি।

রিতুর ৪৫, শারমিন আক্তারের ২৪ এবং স্বর্ণা আক্তারের ২১ রানের ইনিংসে কোনোমতে দেড়শ পেরোয় বাংলাদেশ। ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় দলটি। অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড সর্বোচ্চ চারটি উইকেট নেন। মেগান শুটের শিকার দুটি।

জবাবে ফোবি লিচফিল্ডের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৫৭ বলে ৭৭ রান করেন এই ওপেনার। এলিস পেরির সঙ্গে তার ৮৯ রানের জুটিই ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দেয়। লিচফিল্ডকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবেয়া খান। পরে হাবিবা ইসলাম বেথ মুনিকে আউট করলেও অস্ট্রেলিয়ার জয় আটকাতে পারেনি বাংলাদেশ। ২৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে নেয় স্বাগতিকরা।

আরও পড়ুন

×