ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আন্তঃস্কুল জিমন্যাস্টিকসে বিকেএসপি ও কোয়ান্টাম কসমো সেরা

আন্তঃস্কুল জিমন্যাস্টিকসে বিকেএসপি ও কোয়ান্টাম কসমো সেরা
×
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৫:৫৮

রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে দুই দিনব্যাপী আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সফল সমাপ্তি  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় ৯ ও ১০ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাঃ আব্দুস সালাম, বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই এর নির্বাহী পরিচালক (এডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও পিবিআই প্রধান (অতিরিক্ত আইজিপি) মোঃ মোস্তফা কামাল (বিপিএম-সেবা)। এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছে ইলেক্ট্রোমার্ট এবং মেঘনা গ্রুপ।

বিভিন্ন ইভেন্টে আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতা প্রফেশনালাস্ ৩২ জন এবং শিক্ষানবীশ (বালক) ৩২সহ মোট ৬৪ জন প্রতিযোগীকে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়ে গোল্ড মেডেল অর্জন করে বিকেএসপি, রানারআপ হয়ে রৌপ্য মেডেল অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এবং ইকবাল হাই স্কুল, দিনাজপুর। নারী দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়ে গোল্ড মেডেল অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এবং রানারআপ হয়ে রৌপ্য মেডেল অর্জন করে বিকেএসপি।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাঃ আব্দুস সালাম, বীর প্রতীক বলেন, 'একজন ক্রীড়াবিদ কখনো সিগারেট খায় না, ড্রাগ এডিক্ট হয় না নিজের শরীরকে নষ্ট করতে পারে না।' এ সময় তিনি আরও বলেন, 'আমি স্কুল অ্যাথলেটিক্স চালু করেছিলাম। পাহাড়ি অঞ্চল থেকে দিনাজপুর থেকে এই খেলার প্রতিযোগিরা এসেছে। তাদেরকে ঠিকভাবে পেট্রোনাইস করলে অনেক ভালো খেলোয়াড় তৈরি হবে। পার্বত্য অঞ্চলে ট্রেনিং সেন্টার গড়ে তুলে তাদের সক্ষমতা কাজে লাগাতে হবে।' তিনি মেয়র জিমনাস্টিক প্রতিযোগিতা হলে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে এমজিআই এর নির্বাহী পরিচালক (এডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ  বলেন, বাইরের দেশে সাধারণত সন্ধ্যার পরে কেউ বের হয় না । কিন্তু আমাদের দেশে তরুণ তরুণীরা  সন্ধ্যার পরেই বাসা থেকে বের হয়। তিনি দেশের তরুণ তরুণীরা  বিভিন্ন ক্রীড়া ও শরীরচর্চায় অংশগ্রহণের আহবান জানান। এছাড়াও তিনি জিমন্যাস্টিক খেলাটিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সভাপতির বক্তব্যে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও পিবিআই প্রধান (অতিরিক্ত আইজিপি) মোঃ মোস্তফা কামাল (বিপিএম-সেবা) বলেন, 'ভালো ভালো খেলোয়াড় আসতে হবে, এজন্যে খেলায়  ইনভেস্টমেন্টও করতে হবে। দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।' এ সময় তিনি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণপূর্বক জিমন্যাস্টদের অনুশীলনের জন্য একটা জায়গার ব্যবস্থা করে দেওয়ার আহবান জানান।

দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৫৪টি স্কুল ও মাদ্রাসার মোট ২২২ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২২২ জন জিমন্যাস্টের মধ্যে ১১৮ জন ছাত্র এবং ১০৪ জন ছাত্রী। প্রতিযোগিতা বালক ও বালিকা, শিক্ষানবীশ, প্রফেশনালস্ ও ইংলিশ মিডিয়াম বিভাগে ১৮ টি ক্যাটাগরীতে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×