ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৭:৪২

দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। সে লক্ষ্যে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর উন্মোচন করেছেন ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর লোগো। 

আগামী ২৫ অক্টোবর থেকে এবিজি স্পোর্টস সিটিতে প্রথমবার শুরু হতে চলা মেগা আসরে রাতের ফ্লাডলাইটের আলোয় একইসঙ্গে অনুষ্ঠিত হবে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট। অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়। ক্রিকেট ও ফুটবলে পৃথক প্রতিযোগিতায় অংশ নিয়ে দলগুলো শিরোপা জয়ের জন্য লড়বে।

এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তরুণদের জন্য আন্তর্জাতিকমানের ক্রীড়া পরিবেশ তৈরির ধারাবাহিকতায় এ টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সাফল্য এবং আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটি গড়ে তোলার পর, এই আয়োজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি বিশ্ববিদ্যালয় হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজনকে সামনে রেখে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর ইমরুল হাসান, অ্যাডভাইজার বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি। এ ছাড়া ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

তরুণদের পেশাদার ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এ চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। এই আকর্ষণীয় প্রাইজমানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণের এমন সুযোগ তাদের জন্য অত্যন্ত গর্বের। তারা মনে করেন, এবিজি চেয়ারম্যানের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×