সোবহানার সেঞ্চুরির দিনে সিরিজ হার বাংলাদেশের
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:০৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৮:১৯
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু সুবিধা করতে পারছেন না নিগার সুলতানা জ্যোতিরা। টানা দুই হারে সিরিজ খুইয়েছে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডে ৭ উইকেটে হেরেছিল টাইগ্রেসরা। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ হারলো বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন সোবহানা মোস্তারি ও নিগার সুলতানা জ্যোতি। দুজনের ১৯৫ রানের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২২০ রানের পুঁজি পায় বাংলাদেশ নারী দল। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জ্যোতির সঙ্গে সোবহানার ১৯৫ রানের জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে সর্বোচ্চ। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসেও এটি যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তাদের দৃঢ়তায় অজিদের ২২১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। এর আগে ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সোবহানা। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার তিনি। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১৮ রান করে আউট হন এই ব্যাটার। নারী ক্রিকেটে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তার ইনিংসে ছিল ১৮টি চার, ছক্কা নেই একটিও। মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কাছ থেকেও অভিনন্দন পান তিনি।
অন্য প্রান্তে অধিনায়ক জ্যোতি খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ব্যাট থেকে আসে সাতটি চার। সোবহানা ফিরে যাওয়ার পর শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে পেনার জর্জিয়া ভোলের সেঞ্চুরিতে ২৮.১ ওভারে ১ উইকেটে ২২২ রান তুলে সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ভোল ১৯ চারে ৯৭ বলে অপরাজিত ১৩১ রান করেন। এছাড়া আরেক ওপেনার ফোবি লিচফিল্ড ৫১ বলে ৭০ রান করেন। বাংলাদেশের হয়ে ১ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার স্বর্ণা আক্তার। ম্যাচ সেরা হন ভোল। আগামী ১৪ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।
- বিষয় :
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া
- সোবহানা মুস্তারি