সহযোগী দেশগুলোর রেকর্ড আলাদা করার পক্ষে গাভাস্কার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬ | ১৯:০০
টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক সময়ে একের পর এক নতুন রেকর্ড হচ্ছে। এর মধ্যে সহযোগী সদস্য দেশগুলোর পারস্পরিক ম্যাচেও তৈরি হচ্ছে বেশ কিছু নজরকাড়া কীর্তি। গাভাস্কারের মতে, পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য দেশগুলোর মধ্যকার ক্রিকেটের মানের পার্থক্য বিবেচনায় নিয়ে রেকর্ড সংরক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন।
ফুটবলের বিভিন্ন লিগের উদাহরণ টেনে গাভাস্কার বলেন, ‘ফুটবল লিগে আমরা দেখেছি, বিভিন্ন ডিভিশনে অবনমন ও উন্নয়ন হয়। তাই কোনও রেকর্ড হলে সেটা কোন ডিভিশনে হয়েছে, তা উল্লেখ করা থাকে। কিন্তু ক্রিকেটে তা হয় না। সেখানে বদল দরকার।’
ক্রিকেটেও একই ধরনের ব্যবস্থা চালুর পক্ষে ভারতের সাবেক এই অধিনায়ক। তার প্রস্তাব, পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে আলাদা বিভাগ চালু করা যেতে পারে। তবে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে দুই শ্রেণির দল মুখোমুখি হলে সেসব ম্যাচের রেকর্ড একই বিভাগে রাখার ক্ষেত্রে আপত্তি নেই তাঁর।
গাভাস্কারের ভাষায়, ‘ক্রিকেটেও ডিভিশন অনুযায়ী ভাগ করা উচিত। পূর্ণ সদস্য ও সহযোগী সদস্যদের আলাদা বিভাগে রাখা উচিত। যখন বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য খেলছে, তখন তাদের রেকর্ড এক বিভাগে থাকলে সমস্যা নেই। কিন্তু সহযোগী সদস্য দেশগুলো যখন একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে, তখন তাদের ডিভিশন এ বা ডিভিশন বি-তে ভাগ করা উচিত।’
দুই শ্রেণির দলের প্রতিদ্বন্দ্বিতার মান এক নয় বলেও মনে করেন গাভাস্কার। তার মতে, সহযোগী সদস্য দেশগুলোর মধ্যকার ম্যাচে গড়া ব্যক্তিগত রেকর্ডকে পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের অর্জনের সঙ্গে একই মানদণ্ডে বিচার করা ঠিক হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সহযোগী সদস্য দেশের কোনও খেলোয়াড় যেসব ব্যক্তিগত রেকর্ড করছে, তার সঙ্গে পূর্ণ সদস্য দেশের খেলোয়াড়ের রেকর্ডের মান এক নয়। তার প্রধান কারণ, খেলার মান আলাদা। সহযোগী সদস্য দেশের খেলায় যেসব রেকর্ড হয়, তা পূর্ণ সদস্য দেশের খেলায় কখনোই হওয়া সম্ভব নয়। এটা আইসিসির মাথায় রাখা উচিত।’
- বিষয় :
- সুনীল গাভাস্কার
- টি-টোয়েন্টি