হ্যাজলউডের দাপটে হারল দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ১৮:২৮
জশ হ্যাজলউডের বিধ্বংসী বোলিংয়ে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ২১৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ দিনে স্বাগতিকদের বাকি ছয় উইকেট তুলে নিতে খুব বেশি সময় নেননি এই পেসার। তার ছয় শিকারে ২০৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
মঙ্গলবার চা-বিরতির আগেই ম্যাচের নিষ্পত্তি ঘটায় সফরকারীরা। হ্যাজলউড ৪৯ রান দিয়ে নেন ৬ উইকেট। আগের দিন দুই উইকেট নেওয়া এই পেসার শেষ দিনে নতুন বল হাতে পেয়েই দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামান। শেষ ব্যাটারকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার জয়ও নিশ্চিত করেন তিনি।
গত বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবার টেস্ট সিরিজের শুরুতেই বড় জয় তুলে নিয়ে সেই হারের জবাব দিল অজিরা।
চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ১০২ রান নিয়ে মাঠ ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার সকালে এইডেন মারক্রাম ও ভিয়ান মুল্ডার মিলে পঞ্চম উইকেটে ২০৫ বলে ৬৯ রান যোগ করেন। তাঁদের প্রতিরোধে জয়ের জন্য ৪২১ রানের লক্ষ্য তাড়া করার লড়াইয়ে টিকে থাকার আশা দেখছিল স্বাগতিকরা।
তবে হ্যাজলউডের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে মুল্ডারের ইনিংস থামে ২৯ রানে। এরপর দ্রুতই ফিরে যান কাইল ভেরেইনে। অস্ট্রেলিয়ার খণ্ডকালীন স্পিনার ম্যাট রেনশর বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দেন তিনি, করতে পারেননি কোনো রান।
লাঞ্চে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬৬। বিরতির পর আরও ২৫ রান যোগ করলেও নতুন বল হাতে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ৩৫ রানে ফেরেন মার্কো ইয়ানসেন। তিন বল পরই গ্লাভসে বল লাগিয়ে ক্যারির হাতে ক্যাচ দেন সিমোন হারমার। এরপর দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা মারক্রামের ইনিংসও থামান মিচেল স্টার্ক। ২৩৭ বল খেলে ৭৫ রান করা এই ওপেনার প্রথমে আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে গেলেও টিভি রিপ্লেতে সিদ্ধান্ত বদলে যায়।
শেষ উইকেটটি তুলে নেওয়ার দায়িত্বও পালন করেন হ্যাজলউড। তাঁর বলে শর্ট মিডউইকেটে ক্যাচ তুলে দেন আইনরিখ নরকিয়া। নাথান লায়নের হাতে ক্যাচ জমা পড়তেই ২১৪ রানের জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।
- বিষয় :
- অস্ট্রেলিয়া
- দক্ষিণ অফ্রিকা