ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়ের প্রেরণা নতুন প্রজন্ম

জিম্বাবুয়ের প্রেরণা নতুন প্রজন্ম
×
×

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১১:৩৭

জিম্বাবুয়ের বিপক্ষে জেতাটা বাংলাদেশের জন্য ডালভাতের মতো ব্যাপার হয়ে গিয়েছিল। সেটা দেশের মাটিতেই হোক কিংবা জিম্বাবুয়েতে। তাদের বিপক্ষে টানা ১৯টি ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। তবে সে দিন আর নেই। সর্বশেষ দুই সিরিজে জয় পেয়েছে জিম্বাবুয়ে। তাদের এই ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় অবদান জিম্বাবুয়ের নতুন প্রজন্মের। ব্যাটিংয়ে আছেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। তাদের সঙ্গে আছেন দুই তরুণ পেস অলরাউন্ডার ব্রাড ইভান্স ও নিউম্যান তাকুদজওয়া নিয়ামহুরি। 

জিম্বাবুয়ে দলে অভিজ্ঞ সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, রিচার্ড এনগ্রাভা, ব্লেসিং মুজারাবানিরা তো আছেনই। কিন্তু টপ অর্ডারে বেন কারেন ও ব্রায়ান বেনেট যোগ দেওয়ার পর তাদের শক্তি অনেক বেড়ে গেছে। বেন কারেন ক্রিকেট পরিবারের সন্তান। তাঁর পিতা কেভিন কারেন আশির দশকে জিম্বাবুয়ের উত্থানের সময়ের সেনানী। এ পেস বোলিং অলরাউন্ডার তাঁর আসল সামর্থ্য দেখিয়েছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। সে পথ ধরেই বেন কারেনের দুই ভাই স্যাম কারেন ও টম কারেন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তবে বেন বেছে নিয়েছেন পিতৃ ভূমি জিম্বাবুয়েকে। ২০২৪ সালের শেষ দিকে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন ৩০ বছর বয়সী বাঁ হাতি এ ব্যাটসম্যান। গত জুলাইয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাঁর সেঞ্চুরিতেই জেতার মতো পুঁজি দাঁড় করিয়েছিল তারা। তাঁর ওপেনিং জুটি ২২ বছর বয়সী ব্রায়ান বেনেট জিম্বাবুয়ের বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলে জাতীয় দলে এসেছেন। বেন কারেনের মতো তাঁরও অভিষেক ২০২৪ সালে। মারমুখী এ ওপেনার একা হাতে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। জিম্বাবুয়ের আরেকজন ‘ম্যাচ উইনার’ হলেন ব্রাড ইভান্স। পেস বোলিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে লোয়ার অর্ডারে ঝড় তুলতে পারেন তিনি। পাঁচ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশ কিছু মনে রাখার মতো পারফরম্যান্স করেছেন ২৯ বছর বয়সী এ পেস অলরাউন্ডার। টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন, ভারতের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছেন, টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন। তাঁর পিতা ক্রেইগ ইভান্সও জিম্বাবুয়ের পক্ষে খেলেছেন। স্কলারশিপ নিয়ে ব্রাড ইভান্স ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। সেখানেই তাঁর ক্রিকেটে হাতেখড়ি। সে সঙ্গে হকি, রাগবি, জ্যাভেলিনও বেছে নিতে পারবেন। কিন্তু পড়াশোনা শেষ করে দেশে ফিরে ক্রিকেটকে বেছে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের আরেকজন সারপ্রাইজ প্যাকেজ হলেন নিউম্যান নিয়ামহুরি। ২০ বছর এ বাঁহাতি পেসারও লোয়ার অর্ডারে ব্যাট হাতে কার্যকর ইনিংস খেলতে পারেন। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটে–বলে পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। আজ থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশিয় সিরিজেও এই নতুন প্রজন্মই জিম্বাবুয়ের প্রেরণা।

আরও পড়ুন

×