ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন মার্তিনেজ, মাঠে ফিরবেন কবে 

অস্ত্রোপচারের পর কেমন আছেন মার্তিনেজ, মাঠে ফিরবেন কবে 
×
×

এমিলিয়ানো মার্তিনেজ

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৯:৫৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১৯:৫৬

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে অস্ত্রোপচার করতে হয়েছে চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। ২০২২ সালের আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলকিপারের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে আপাতত স্বস্তির খবরই মিলেছে। 

চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় পর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সমর্থকদের নিজেই আশ্বস্ত করেছেন মার্তিনেজ। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের বার্তার জন্য ধন্যবাদ জানান এবং নিজের শারীরিক অবস্থার তথ্যও জানিয়ে দেন মার্তিনেজ। লিখেছেন, ‘শুভকামনা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আমরা জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরব।’

এদিকে অস্ত্রোপচার সফল হওয়ায় স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরেও। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া এক বার্তায় লিখেছেন, আমার কোনো সন্দেহ নেই যে, তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসবে। সুসময় বা দুঃসময়—সবসময় আমি তোমার সঙ্গে আছি। তোমাকে ভালোবাসি। 

শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন এমিলিয়ানো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষের পর মাথায় আঘাত পান বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। মাঠেই তাকে ১০ মিনিটের বেশি সময় ধরে চিকিৎসা দেওয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।

সংঘর্ষের পর মার্তিনেজকে কিছুক্ষণ নড়াচড়া না করে পড়ে থাকতে দেখা যায়। দুই দলের চিকিৎসক দল এবং জরুরি চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে ছুটে যান। চিকিৎসা চলাকালে মার্তিনেজকে কাঁদতে দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় তাকে আর খেলানো সম্ভব হয়নি। তার বদলি হিসেবে মাঠে নামেন বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স। 

ইতোমধ্যে মার্তিনেজকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার চোটের প্রকৃতি ও শারীরিক অবস্থা নিয়ে চেলসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ম্যাচটিতে ২-০ গোলে এভারটনকে হারিয়েছে চেলসি।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×