ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

উইন্ডিজ সিরিজে লিটনকে পাওয়ার আশায় বাংলাদেশ

উইন্ডিজ সিরিজে লিটনকে পাওয়ার আশায় বাংলাদেশ
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৩:৩১

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন দাসের চোট নিয়ে স্বস্তির খবর দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। নিতম্বের জোড়ায় অস্বস্তির কারণে চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়া এই উইকেটকিপার-ব্যাটারের স্ক্যানে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পেশিতে সামান্য সমস্যা রয়েছে। আগামী কয়েক দিনের পর্যবেক্ষণের পর তার চোটের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে সোমবার বিসিবির মেডিকেল বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তার আশা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে লিটনকে পাওয়া যাবে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি।

সোমবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেন লিটন। এ সময় তার হালকা ফিজিওথেরাপিও করা হয়। মঙ্গলবারও একই ধরনের চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিসিবির মেডিকেল কমিটির এক সদস্য বলেন, ‘লিটন আজ আমাদের কাছে এসেছিল। স্ক্যান রিপোর্টে উল্লেখযোগ্য খারাপ কিছু পাওয়া যায়নি, তবে পেশিতে সামান্য সমস্যা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ হালকা ফিজিওথেরাপি করিয়েছি। আগামীকালও হালকা ফিজিওথেরাপি হবে। এরপর দুই দিন পর্যবেক্ষণ করে তার চোটের অবস্থা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লিটনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। তবে পুরোপুরি সেরে ওঠার অগ্রগতি না দেখে কোনো সিদ্ধান্ত নিতে চায় না মেডিকেল বিভাগ। নিতম্বের জোড়ায় আপাতত বড় কোনো সমস্যা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন বিসিবির ওই কর্মকর্তা।

চলমান বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলার কথা থাকলেও নিতম্বের জোড়ায় অস্বস্তির কারণে ছিটকে যান লিটন। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব সামলাচ্ছেন তাওহীদ হৃদয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। তার আগে ২২ অক্টোবর বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

আরও পড়ুন

×