ফেডারেশন কাপে মোহামেডানকে রুখে দিল পিডব্লুডি
মোহামেডান স্পোর্টিং ক্লাব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৭:২৯ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ১৭:৩০
সুলেমান দিয়াবাতের গোলে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়োহান মাবিদার দৃষ্টিনন্দন ওভারহেড কিকে সেই স্বপ্ন ভেঙেছে। শেষ পর্যন্ত ফেডারেশন কাপের ম্যাচে পিডব্লুডির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সাদা-কালোরা।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান। প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি তারা। লক্ষ্যে ছয়টি শট নিয়েও পিডব্লুডির রক্ষণ ভাঙতে পারেনি সান্তিয়াগো ভারেলার দল। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে অবশ্য অপেক্ষা দীর্ঘ হয়নি মোহামেডানের। ৬১ মিনিটে ফয়সাল আহমেদের ডান দিক থেকে বাড়ানো লম্বা পাস পেয়ে বক্সের মধ্যে থেকে নিখুঁত শটে বল জালে পাঠান দিয়াবাতে। তার গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে সাদা-কালোরা।
তবে সেই লিড ধরে রাখা সম্ভব হয়নি তাদের। ৭৬ মিনিটে দুর্দান্ত এক ওভারহেড কিকে পিডব্লুডিকে সমতায় ফেরান মাবিদা। বাকি সময়ে আবারও আক্রমণে গতি বাড়িয়ে জয়সূচক গোলের চেষ্টা করে মোহামেডান। কিন্তু আর গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
দিনের অন্য ম্যাচে সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান। এদিকে আরামবাগ ও ঢাকা ওয়ান্ডারার্সের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে ড্রয়ে।
- বিষয় :
- ফেডারেশন কাপ
- মোহামেডান