ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অর: টানা তৃতীয়বার তরুণ উদীয়মান খেলোয়াড় লামিন ইয়ামাল

ব্যালন ডি’অর: টানা তৃতীয়বার তরুণ উদীয়মান খেলোয়াড় লামিন ইয়ামাল
×
×

লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ০৩:৪০

ব্যালন ডি’অরের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়েও রয়েছেন লামিন ইয়ামাল। মূল পুরস্কার তার হাতে উঠবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে। তবে তার আগেই আরেকটি বড় স্বীকৃতি পেয়েছেন বার্সেলোনা ও স্পেনের এই তরুণ ফরোয়ার্ড। পুরুষ বিভাগে টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অরের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।

সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয় ‘কোপা ট্রফি’ নামে পরিচিত এই পুরস্কার।

২০১৮ সাল থেকে দেওয়া হচ্ছে কোপা ট্রফি। ইয়ামাল ছাড়া আর কোনো ফুটবলার একাধিকবার এই পুরস্কার জিততে পারেননি।

গত মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ পারফরম্যান্স করেন ইয়ামাল। দলটির লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। জাতীয় দলের হয়েও ছিলেন উজ্জ্বল। স্পেনের বিশ্বকাপ জয়ের অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ ফরোয়ার্ড।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৫৭ ম্যাচে ২৫টি গোল করার পাশাপাশি ২০টি অ্যাসিস্ট করেন ১৯ বছর বয়সী ইয়ামাল।

তৃতীয়বারের মতো কোপা ট্রফি জিতে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তবে নিজের সতীর্থ পাউ কুবার্সিকে এই পুরস্কারের যোগ্য মনে করেন বার্সেলোনার এই তারকা।

পুরস্কার গ্রহণের পর ইয়ামাল বলেন, ‘এখানে উপস্থিত থাকতে পারা এবং এই পুরস্কার গ্রহণ করা আমার জন্য সম্মানের। তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলাম। আমার ক্লাব ও জাতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই।’

নিজের সতীর্থের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘কুবার্সি এই পুরস্কার জিতলে আমার ভালো লাগত। কারণ, আমার মনে হয়, পুরস্কারটি তারই পাওয়া উচিত। সে বেশ দীর্ঘ সময় ধরে দারুণ মানের ফুটবল খেলছে।’

এদিকে নারী বিভাগেও কোপা ট্রফি জিতেছেন বার্সেলোনার ভিকি লোপেস। টানা দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন তিনি।

আরও পড়ুন

×