সেঞ্চুরির যে তালিকায় তামিমের পরেই সাদমান
ছবি- বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১০:৫৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরি করে বাংলাদেশের ওপেনারদের মধ্যে নতুন উচ্চতায় উঠেছেন সাদমান ইসলাম। টেস্টে ওপেনার হিসেবে তিনটি সেঞ্চুরি নিয়ে এখন এই তালিকায় তার অবস্থান দ্বিতীয়। ১০টি শতক নিয়ে সবার ওপরে আছেন তামিম ইকবাল।
প্রথম দিনের খেলা শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন সাদমান। ফলে রাতভর অপেক্ষা ছিল ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির। দ্বিতীয় দিনের শুরুতে জশুয়া বিশপের করা ওভারের দ্বিতীয় বলে দুই রান নিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান বাঁহাতি এই ওপেনার। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি। ১০৫ রান করে বিশপের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। টেস্ট ক্রিকেটে এটিই ছিল ক্যারিবীয় এই বোলারের প্রথম উইকেট।
সেঞ্চুরির পথে শুরুটা অবশ্য সহজ ছিল না সাদমানের। গতকাল তানজিদ হাসানের সঙ্গে ইনিংস উদ্বোধনে নেমে ক্যারিবীয় পেসারদের চাপে পড়েন তিনি। ১৬তম বলে প্রথম রান নেন। বাংলাদেশের ইনিংসের প্রথম বাউন্ডারিটি আসে নবম ওভারে, সেটিও সাদমানের ব্যাট থেকে। অর্ধশতকে পৌঁছাতে তার লাগে ৯৪ বল। আর সেঞ্চুরির দেখা পান ২২১ বলে।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওপেনারদের মধ্যে ইমরুল কায়েস ও মাহমুদুল হাসানের রয়েছে দুটি করে সেঞ্চুরি। তাদের ছাড়িয়ে তিনটি শতক নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাদমান।
- বিষয় :
- সাদমান ইসলাম
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ