নাঈমদের ভাবনায় ২০০ রান
৪ উইকেট নিয়ে ক্যারিবীয়দের প্রথম ইনিংস দ্রুত গুটিয়ে দিতে ভূমিকা রেখেছেন নাঈম -এএফপি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১০:৩০
ব্যাট হাতে লড়াই করার একটা মানসিকতা আছে নাঈম হাসানের। জাতীয় লিগ থেকে জাতীয় দলে টেল এন্ডে কিছু রান আছে তাঁর। আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে করেছিলেন হার না মানা ৩৫ রান। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল হকের কনকাশন সাব জাকের আলীর সঙ্গে। আলো-স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগে ওই প্রতিরোধটুকু গড়ে তুলতে না পারলে ব্যাটিং বিপর্যয় এড়ানো সম্ভব হতো না। অনিয়মিত টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাওয়া নাঈম বলতে গেলে ত্রাতার ভূমিকায়।
বল ও ব্যাট দুই ভূমিকায় ভালো করলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে বেঁধে ফেলতে চার উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করনে নাঈম। জাকের ও তাঁর জুটি আজ জমে গেলে কাঙ্ক্ষিত রান পেয়ে যেতে পারে বাংলাদেশ। বিশেষ করে জাকের আলীর জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। তিনি ভালো করলে দলের ও নিজের লাভ।
শুক্রবার সংবাদ সম্মেলনে নাঈম দলের প্রতিনিধি হয়ে জানান, ২০০ রানের লক্ষ্য দিতে পারলে ঢাকা টেস্টে বাংলাদেশের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বাংলাদেশের লিড এখন ১০৬ রান। সেক্ষেত্রে শেষ চার উইকেটে আরও ৯৪ রান করতে হবে টাইগারদের। নাঈমের মতে, ‘আমরা চেষ্টা করব যত বেশি রান নিতে পারি। আমি আর জাকের ভাই ব্যাটিং করছি। আমরা যদি লম্বা সময় খেলতে পারি, যত বেশি রান নেব ততোই ভালো। ২০০ রান হলে খুবই ভালো হবে।’ উইকেটে যেভাবে স্পিন ধরছে তাতে করে সেট জুটির বড় ইনিংস খেলা কঠিন। রোস্টন চেজ ও জোমেল ওয়ারিক্যান বলে টার্ন পাচ্ছেন বেশ। সেই সঙ্গে সকালের ময়েশ্চার কাজে লাগিয়ে বিশপরাও বিধ্বংসী হওয়ার চেষ্টা করবেন। তেমন কিছু হলে স্বাগতিকদের চাওয়া মতো ২০০ রানের লক্ষ্য দেওয়া সম্ভব নাও হতে পারে।
মিরপুরের স্পিন ট্র্যাকে দেড়শ রানের লক্ষ্য দেওয়া সম্ভব হলেই ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। নাঈমরা চান আরও নিরাপদ থাকার। তিনি বলেন, ‘আমরা যত বেশি রান করতে পারব ততই আমাদের জন্য ভালো। এখন কোনো লক্ষ্য সেট না করাই ভালো। আমার ও জাকের ভাইয়ের ওপর আস্থা রাখেন আপনারা।’
ওয়েস্ট ইন্ডিজের চাওয়া আবার ভিন্ন। তাদের সহকারী কোচ ফ্লয়েড রেইফার বলেন, ‘আগামীকাল (আজ) খেলা শুরু হলে আমরা চেষ্টা করব শেষ কয়েক জন ব্যাটারকে দ্রুত আউট করতে। আমাদের ১২৫ রান তাড়া করতে হলে আমার মনে হয় এমন পিচে তা অর্জন করা অবশ্যই সম্ভব। এজন্য আমাদের দ্রুত উইকেট তুলে নিতে হবে।
প্রথম ঘণ্টাটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তাদের সেই জুটি ভেঙে ফেলতে পারলে, আমরা সহজেই বাকি কাজটুকু সেরে ফেলতে পারব।’ দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ৭৯ রান বাংলাদেশের।
- বিষয় :
- ক্রিকেট
- টেস্ট সিরিজ