ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে ২২ জেলার ২৪ নারী গোলরক্ষক

ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে ২২ জেলার ২৪ নারী গোলরক্ষক
×
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২২:৫৮

দেশের ২২টি জেলার ২৪ জন নারী হকি গোলরক্ষককে নিয়ে ১৫ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। নারী হকির বিকাশে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) যৌথ উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ব্র্যাক ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগ ‘অপরাজেয় আলো নারী হকি উন্নয়ন কর্মসূচি ২০২৬’-এর তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গত ২৮ অক্টোবর ঢাকার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ক্যাম্পটি শুরু হয়। আয়োজকরা জানান, অংশগ্রহণকারী খেলোয়াড়েরা গোলরক্ষক হিসেবে নিজেদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং মাঠে পারফরম্যান্স উন্নয়নের জন্য এখানে বিশেষায়িত প্রশিক্ষণ পাবেন।

এই প্রশিক্ষণ ক্যাম্পের যাবতীয় ব্যয় বহন করছে ব্র্যাক ব্যাংক। এর মধ্যে প্রশিক্ষণের পাশাপাশি গোলরক্ষকদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, বিশেষ করে সুরক্ষামূলক প্যাড সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ. এ. আদেলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় খেলোয়াড়দের এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি ক্রীড়াঙ্গনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ব্যাংকের প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা জানান, ‘অপরাজেয় আলো’ কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান নারী হকি খেলোয়াড়দের বিশেষায়িত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেওয়া হচ্ছে। মূলত দেশে নারী হকির ভবিষ্যৎ খেলোয়াড় তৈরির ধারাকে আরও শক্তিশালী করা এবং খেলাধুলার মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×