আলাভেসকে ৬ গোল দিয়ে ৮৬ বছরের রেকর্ড বার্সেলোনার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ১৩:৩৫
টানা দুই হারের ধাক্কা কাটিয়ে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে ন্যু ক্যাম্পে দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে শুধু পয়েন্টই বাড়েনি, লা লিগায় ৮৬ বছর পর বিরল এক রেকর্ডও গড়েছে কাতালানরা। ম্যাচে রাফিনিয়া ও লামিনে ইয়ামাল করেছেন জোড়া গোল। একটি করে গোল পেয়েছেন ফেরমিন লোপেজ ও বদলি হিসেবে নামা অ্যান্থনি গর্ডন। আলাভেসের একমাত্র গোলটি করেন মারিয়ানো দিয়াস।
ফরাসি পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটস ফুটের তথ্য অনুযায়ী, ১৯৪০-৪১ মৌসুমে সেভিয়ার পর লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম ১১ ম্যাচে ৪৬ গোল করার কীর্তি গড়েছে বার্সেলোনা। অর্থাৎ এই রেকর্ড গড়তে ৮৬ বছর অপেক্ষা করতে হয়েছে তাদের। এ ছাড়া চলতি মৌসুমে মাত্র ১৪ ম্যাচে বার্সেলোনার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৭-তে।
আলাভেসের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকেরা। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। বিরতির পর আরও দুটি গোল যোগ করে বড় জয় নিশ্চিত করে।
দুই হারের পর এমন প্রত্যাবর্তনে ব্যক্তিগত রেকর্ডেও উজ্জ্বল ছিলেন রাফিনিয়া ও ইয়ামাল। আলাভেসের বিপক্ষে জোড়া গোল করে লা লিগায় রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০ ম্যাচে ১৪টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে আর কোনো খেলোয়াড়ের গোলসংখ্যা এত বেশি নয়। একবিংশ শতাব্দীতে লা লিগার প্রথম ১০ ম্যাচে তার চেয়ে বেশি গোল করেছিলেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৪-১৫ মৌসুমে সমান ম্যাচে রোনালদোর গোল ছিল ১৮টি। অন্যদিকে ইয়ামালের গোল ও অ্যাসিস্ট মিলিয়ে চলতি মৌসুমে অবদান ২৩টি, ১২ গোল ও ১১ অ্যাসিস্ট। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এই মুহূর্তে তার সমান গোল-অবদান নেই অন্য কোনো খেলোয়াড়ের।
এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনার পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে, প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। এরপর আতলেতিকোর মাঠে খেলতে হবে ফ্লিকের দলকে।
- বিষয় :
- বার্সেলোনা
- লা লিগা