ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ডুলির চিন্তা বাড়ালেন রোনান

ডুলির চিন্তা বাড়ালেন রোনান
×
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১২:১৪

দরজায় কড়া নাড়ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ৫ নভেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে দলগুলো। ২০০৩ সালের পর সাফের এই ট্রফি জিততে মুখিয়ে লাল-সবুজের দলটি। কিন্তু যাঁকে নাম্বার নাইন খেলানোর পরিকল্পনা আঁকছিলেন কোচ থমাস ডুলি, সেই রোনান সুলিভান চোটের কারণে ছিটকে গেছেন স্কোয়াড থেকে। বাংলাদেশকে অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা এনে দেওয়ার অন্যতম এ কারিগর ছিটকে পড়ায় চিন্তার ভাঁজ এখন থমাস ডুলির কপালে। রোনানের না থাকাটা দলের জন্য ধাক্কা হয়ে এলেও কানাডাপ্রবাসী ফুটবলার শমিত সোমের বিশ্বাস বাকিরা সাফে নিজেদের মেলে ধরতে পারবেন। আর ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ খেলতে তর সইছে না এ মিডফিল্ডারের।

বাফুফে সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রে কলেজ লিগে খেলতে গিয়ে চোটে পড়েন রোনান। এরপর থেকে তিনি আর ম্যাচ খেলেননি। ইনজুরি এতটাই গুরুতর তাঁর সুস্থ হতে আট সপ্তাহ সময় লাগবে। গত ২৯ অক্টোবর হোয়াটসঅ্যাপ গ্রুপে রোনান তাঁর ইনজুরি সম্পর্কে জানিয়ে দেন। আমেরিকান সময় ১ নভেম্বর রাতে রোনানের বাংলাদেশে আসার টিকিটও কাটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু চোটের কারণে সেই টিকিট বাতিল করেছে ফেডারেশন। ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাচ্ছে না বাংলাদেশ। সতীর্থ রোনান সুলিভান ছিটকে যাওয়া হতাশা করেছে শমিতকে। তবে দলের অন্য খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন তিনি। 

রোববার এক অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে রোনানের না থাকা প্রসঙ্গে শমিত বলেন, ‘খবরটা আমি পাঁচ-দশ মিনিট আগে শুনেছি। এটা সত্যিই খারাপ লাগার মতো বিষয়। সে ভালো খেলোয়াড়, ভালো তরুণ প্রতিভা। আমরা তাকে মিস করব। তবে আমাদের দলে আরও অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, আক্রমণে বিকল্পও রয়েছে। তাদের নিয়েই মানিয়ে নিতে হবে। আশা করি, ভবিষ্যতে সে আবার ফিরতে পারবে। আমরা হামজা ও ফারহানকে মিস করছি। তারা অনেক বড় মাপের খেলোয়াড়, দলকে সাহায্য করে। তবে আমাদের আরও খেলোয়াড় আছে, যাদের ওপর আমার আস্থা রয়েছে। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবে। হামজার মতো হয়তো হবে না, কারণ প্রত্যেকের খেলার ধরন আলাদা। তবে ভুটানের বিপক্ষে ভালো করার মতো আত্মবিশ্বাস আমাদের আছে।’

বাংলাদেশের জার্সিতে দেশের মাটিতে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপে খেলার অপেক্ষায় শমিত সোম। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের পাশাপাশি শিরোপাও জিততে চান এ মিডফিল্ডার।  প্রায় এক বছর পর দেশের দর্শকদের সামনে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি, ‘আমরা সবার জন্য জিততে চাই। এটা অনেক বড় টুর্নামেন্ট। এখানে কী প্রত্যাশা, তা আমি চুক্তিবদ্ধ হওয়ার আগেই বুঝতে পেরেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাংলাদেশের মানুষের সামনে খেলতে আমরা রোমাঞ্চিত। প্রায় এক বছর পর বাংলাদেশের স্টেডিয়ামে খেলতে যাচ্ছি। সর্বশেষ যখন খেলেছিলাম, তখন ভারতকে হারিয়েছিলাম। আশা করি, সাফেও একই রকম ফল করতে পারব। পুরো বাংলাদেশের জন্য ভালো পারফরম্যান্স করতে চাই।’

চোটের কারণে গত চার-পাঁচ সপ্তাহ কঠিন সময় পার করতে হয়েছে শমিতকে। পুনর্বাসন প্রক্রিয়ার জন্য ক্লাবের হয়েও খেলতে পারেননি এ মিডফিল্ডার। জাতীয় দলের অনুশীলনে ফিরতে পেরে স্বস্তি তাঁর। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে পুরো ফিট হয়ে যাবেন বলে বিশ্বাস শমিতের, ‘এখন পর্যন্ত সবকিছু ভালো যাচ্ছে। আশা করি, আগামী তিন-চার দিনে নতুন করে কোনো সমস্যা হবে না। আমি বেশ ভালো অনুভব করছি এবং দলকে সাহায্য করতে প্রস্তুত।’ 

বাংলাদেশের দর্শকদের সামনে খেলার রোমাঞ্চের কথা জানিয়ে শমিত বলেন, ‘আমরা জানি, বাংলাদেশের সমর্থকরা চান আমরা সাফ জিতি। তবে সবচেয়ে বড় বিষয় হলো দেশের মাঠে, স্টেডিয়ামে সমর্থকদের সামনে খেলতে পারা। তাদের সমর্থন আমাদের বাড়তি প্রেরণা দেবে। গত দু-তিনটি আন্তর্জাতিক উইন্ডোতে দেশের বাইরে খেলেছি। সান মারিনোতে অনেক বাংলাদেশি সমর্থক ছিল, তবে এশিয়ান কাপে দেশের সমর্থন সেভাবে পাইনি। এবার পূর্ণ গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের সামনে খেলাটা আমাদের জন্য দারুণ অনুপ্রেরণার হবে।’

আরও পড়ুন

×