ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচে

বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচে
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৮:০২

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টুর্নামেন্টের টিকিট পেতে এখন পর্যন্ত ১৯৩টি দেশ থেকে প্রায় ৩০ লাখ সমর্থক নিবন্ধন করেছেন। সব মিলিয়ে টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১২ কোটির বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। এই ম্যাচের টিকিটের আবেদন সংখ্যায় ছাড়িয়ে গেছে বিশ্বকাপ ফাইনালকেও।

গতকাল নিজেদের ওয়েবসাইটে টিকিটের চাহিদা নিয়ে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ১৪ দলের এই বিশ্বকাপ। ২ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

আইসিসির তথ্য অনুযায়ী, আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লাখ। একই মাঠে ২১ নভেম্বর অনুষ্ঠেয় ফাইনালের টিকিটের জন্য আবেদন পড়েছে প্রায় ৮০ লাখ। অর্থাৎ ফাইনালের চেয়েও বেশি আগ্রহ তৈরি করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।

টিকিটের জন্য নিবন্ধন প্রক্রিয়া এখনো চলছে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে ব্যালট উইন্ডো। এরই মধ্যে ৩০ লাখ সমর্থক নিবন্ধন সম্পন্ন করেছেন। পাশাপাশি বিভিন্ন ম্যাচের জন্য ৩ কোটি ২০ লাখের বেশি নিবন্ধন হয়েছে, যা বিশ্বকাপের অন্যান্য ম্যাচের প্রতিও দর্শকদের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

আফ্রিকায় সর্বশেষ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। ২৪ বছর পর মহাদেশটিতে ফিরছে এই আয়োজন। ১২টি শহরের ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার বিভিন্ন ভেন্যুতে। টিকিটের নিবন্ধনে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। আফ্রিকা মহাদেশ থেকেই জমা পড়েছে ১ কোটি ৪৯ লাখের বেশি আবেদন।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে ৪১টি ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি। এর মধ্যে স্বাগতিকদের ম্যাচগুলোর টিকিটের জন্য আবেদন প্রায় ২ কোটি ৬০ লাখ। জিম্বাবুয়ের ম্যাচগুলোর জন্য আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। দেশটির ভিক্টোরিয়া ফলসে নতুন মোসি-ওয়া-তুনিয়া স্টেডিয়ামে ২৪ অক্টোবর ভারত-জিম্বাবুয়ে ম্যাচের টিকিটের জন্য আবেদন পড়েছে ৩৩ লাখের বেশি।

অন্যদিকে নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ছয়টি ম্যাচের জন্য আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি। এর মধ্যে ৮ অক্টোবর ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় ৯ লাখ দর্শক।

আরও পড়ুন

×