প্রথমার্ধে ভুটানের রক্ষণ ভাঙতে পারল না বাংলাদেশ
ছবি- সাজ্জাদ নয়ন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২১:০০ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ২১:০৯
ভুটানের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দুই দলের লড়াইয়ের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে গোলশূন্য সমতায়। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ভুটানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। দুই প্রান্ত দিয়ে আক্রমণ সাজিয়ে একের পর এক ক্রস পাঠিয়েছেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমরা। তবে বেশির ভাগ ক্রস থেকেই বিপদ তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

প্রথমার্ধে বাংলাদেশের সবচেয়ে কার্যকর খেলোয়াড় ছিলেন বিশ্বনাথ ঘোষ। ডিফেন্ডার থেকে স্ট্রাইকারের ভূমিকায় খেলতে নেমে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেন তিনি। ১১ মিনিটে বাংলাদেশের প্রথম কর্নার থেকে বক্সের বাইরে ফাহিমের নেওয়া শট দারুণভাবে ঠেকান ভুটানের গোলরক্ষক গিয়েলশেন জাংপো। এরপর লম্বা পাস ধরে ডিফেন্ডারকে শক্তিতে পেছনে ফেলে শট নেওয়ার আগেই বিশ্বনাথের সামনে বাধা হয়ে দাঁড়ান জাংপো।
ভুটান শুরু থেকেই নিচে নেমে রক্ষণ সামলানোর কৌশল নেয়। তাদের জমাট রক্ষণে বারবার আটকে যায় বাংলাদেশের আক্রমণ। প্রথম ৩০ মিনিটে বলের নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে থাকলেও ভুটান উল্লেখযোগ্য কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি।

ম্যাচের ২০ মিনিটের দিকে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ভুটানের ওরগেন ওয়াংচুককে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার পরিবর্তে মাঠে নামেন কিংজান তেনজিন।
প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি-কিক থেকে কাছের পোস্টে বলের দিক পরিবর্তন করেন শমিত সোম। তবে গোলমুখে থাকা বাংলাদেশের আর কেউ বলটি জালে জড়াতে পারেননি।

শেষ পর্যন্ত গোলের সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ। ফলে বিরতিতে দুই দল ফিরেছে ০-০ সমতা নিয়ে।
- বিষয় :
- বাংলাদেশ
- ভুটান
- সাফ চ্যাম্পিয়নশিপ