ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ইব্রাহিমের এক গোলেই স্বস্তির জয় বাংলাদেশের

ইব্রাহিমের এক গোলেই স্বস্তির জয় বাংলাদেশের
×
×

ছবি- সাজ্জাদ নয়ন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ২২:০১

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত বদলি হিসেবে নামা মোহাম্মদ ইব্রাহিমের গোলে স্বস্তির জয় পেয়েছে স্বাগতিকরা। বৃহস্পতিবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি আসে ৬৯ মিনিটে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই গোল করেন ইব্রাহিম। ডান দিক থেকে আসা ক্রসে ভুটানের বক্সে বল নিয়ে তৈরি হয় জটলা। কয়েক দফা বলের দিক পরিবর্তনের পর সুযোগ বুঝে পা ছুঁইয়ে জালে পাঠান বাংলাদেশের এই ফরোয়ার্ড। তার গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।

গোলের জন্য পুরো ম্যাচজুড়েই দুই প্রান্ত থেকে ক্রসনির্ভর আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত সেই কৌশলেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল আহমেদ ফাহিমের বদলে ফাহামেদুল ইসলামকে নামান কোচ। এরপর ৬১ মিনিটে জামাল ভূঁইয়া ও বিশ্বনাথ ঘোষকে তুলে সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিমকে মাঠে পাঠানো হয়। কোচের সেই বদলই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয়।

এর আগে প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে ভুটানের নিচে নেমে রক্ষণ সামলানোর কৌশলে বারবার আটকে যায় স্বাগতিকদের আক্রমণ। দুই প্রান্ত দিয়ে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে সুযোগ তৈরির চেষ্টা করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে থেকে ফ্রি-কিক পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়ার নেওয়া বল কাছের পোস্টে ফ্লিক করেন শমিত সোম। তবে গোলমুখে থাকা বাংলাদেশের আর কেউ বলটি জালে পাঠাতে পারেননি। অন্যদিকে প্রথমার্ধে ভুটান আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি। তাদের অধিনায়ক ছেনচো গিয়েলশেন একবার বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে কর্নার আদায় করেন। তবে সেই কর্নার থেকেও কোনো বিপদ তৈরি হয়নি। ম্যাচের ২০ মিনিটের দিকে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন ভুটানের ওরগেন ওয়াংচুক। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার বদলি হিসেবে নামেন কিংজান তেনজিন।

প্রথমার্ধের পরিসংখ্যানেও বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। বল দখলে স্বাগতিকদের এগিয়ে থাকার হার ৬৪ শতাংশ, ভুটানের ৩৬ শতাংশ। বাংলাদেশ ১২টি শট নিলেও ভুটান নিয়েছে ৪টি। তবে লক্ষ্যে শটের হিসাবে দুই দলই ছিল সমান, দুটি করে।

ইব্রাহিমের গোলের পর সমতা ফেরানোর চেষ্টা করেছে ভুটান। শেষ দিকে কয়েকটি বদল আনলেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ম্যাচের শেষ দিকে দুই দলই ক্লান্তির ছাপ দেখিয়েছে। দীর্ঘ বিরতি, চোট ও বদলির কারণে খেলার ছন্দও কিছুটা কমে যায়। যোগ করা পাঁচ মিনিটেও সমতাসূচক গোল পায়নি ভুটান। শেষ পর্যন্ত ইব্রাহিমের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আরও পড়ুন

×