ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

‘মধ্যরাতে আমার স্ত্রীও কথা বলে না’, সাফকে লঙ্কান কোচের খোঁচা

‘মধ্যরাতে আমার স্ত্রীও কথা বলে না’, সাফকে লঙ্কান কোচের খোঁচা
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ২২:৫৭

বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় হারের পরও ম্যাচের ফলের চেয়ে সাফের কর্মকর্তাদের নিয়ে বেশি সরব ছিলেন শ্রীলঙ্কার প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সংবাদ সম্মেলনে সাফের লিগ্যাল বিভাগের প্রধানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলার পাশাপাশি নিজের সম্ভাব্য শাস্তি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এমনকি মধ্যরাতে ই-মেইল পাঠানোর বিষয়টি নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন এই কোচ।

ম্যাচের শুরুতেই বাংলাদেশকে অভিনন্দন জানান মুতাইরি। তবে দ্রুতই তার বক্তব্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাফের শৃঙ্খলাব্যবস্থা ও অতীতের কিছু ঘটনা। তার দাবি, সামান্য মন্তব্যের কারণে তাকে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে এবং ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার ডলার জরিমানার আশঙ্কা দেখানো হয়েছে।

সাফের লিগ্যাল বিভাগের প্রধানের পাঠানো একটি ই-মেইলের প্রসঙ্গ টেনে মুতাইরি বলেন, তাকে মধ্যরাতে বার্তা পাঠিয়ে তদন্তের কথা জানানো হয়েছে। তার প্রশ্ন, এ ধরনের ই-মেইল পাঠানোর জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করা যেত না কেন? ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এমনকি আমার স্ত্রীও মধ্যরাতে আমার সঙ্গে কথা বলে না।’

নিজের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির প্রসঙ্গে ২০২১ সালের সাফ আসরের একটি ঘটনাও সামনে আনেন মুতাইরি। তার দাবি, সে সময় দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পাওয়ার কারণে তাকে ফাইনাল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে কর্মকর্তাদের নিষেধাজ্ঞার ক্ষেত্রে এমন কোনো বিধি থাকলে তা দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তার বক্তব্য, নিয়মের এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।

২০২৩ সালের সাফ আসরের কয়েকটি ঘটনাও তুলে ধরেন শ্রীলঙ্কার কোচ। তার অভিযোগ, সে সময় ভারতীয় কোচের বিরুদ্ধে মাঠে খেলোয়াড়কে স্পর্শ করা, লাল কার্ড পাওয়া এবং অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে সংঘাতে জড়ানোর ঘটনায় যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার ক্ষেত্রে তার চেয়ে কঠোর পদক্ষেপের কথা বলা হচ্ছে। এসব উদাহরণ দিয়ে সাফের সিদ্ধান্তে দ্বৈতনীতি রয়েছে বলে ইঙ্গিত করেন তিনি।

মুতাইরি আরও দাবি করেন, বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে তার বক্তব্যের উদ্দেশ্য ছিল ক্রীড়াসুলভ আচরণ ও রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা, বাংলাদেশ বা সাফকে অসম্মান করা নয়। ভিএআর চালুর দাবিও করেছিলেন বলে জানান তিনি। তার ভাষ্য, অবমাননাকর ভাষা ব্যবহার না করেই যদি এমন শাস্তির মুখে পড়তে হয়, তবে সেটি অন্যায্য।

সংবাদ সম্মেলনের শেষ দিকে সাফের কর্মকর্তাদের উদ্দেশে কঠোর মন্তব্য করেন মুতাইরি। আল্লাহর কাছে ন্যায়বিচার চাওয়ার কথা উল্লেখ করে বলেন, কেয়ামতের দিন এ বিষয়ে জবাবদিহি করতে হবে। একই সঙ্গে নিজের বক্তব্য ও সংশ্লিষ্ট ই-মেইল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার কথাও জানান তিনি।

আরও পড়ুন

×