মিলানে জিদান ও মানচিনির মহারণ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:১৯
আন্তর্জাতিক বিরতিতে ইউরোপীয় ফুটবলে নামছে চেনা জায়ান্টরা। আজ রাতে উয়েফা নেশনস লিগের হাই-ভোল্টেজ দুটি দ্বৈরথে মুখোমুখি হচ্ছে ইতালি বনাম ফ্রান্স ও ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। দুটি ম্যাচেই শুধু ৩ পয়েন্টের হিসাব নয়; জড়িত মহাদেশীয় ফুটবল পরাশক্তিদের আভিজাত্য ও মর্যাদার লড়াই। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে আগের ম্যাচে ৭ গোল খাওয়া আহত ক্রোয়েশিয়া। ঘরের মাঠ রিয়েকায় এই ইংল্যান্ডের কাছেই লজ্জায় মুখ ঢাকতে হয়েছিল ক্রোয়াটদের, এবার ওয়েম্বলিতে তাদের প্রতিশোধের পালা। অন্যদিকে, মিলানে ইউরোপীয় ফুটবলের ক্ল্যাসিক প্রতিদ্বন্দ্বিতাগুলোর অন্যতম ইতালি-ফ্রান্স দ্বৈরথ দেখার অপেক্ষায় সমর্থকরা।
মিলানের মহিমান্বিত ‘সান সিরো’ স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলো যখন জ্বলে উঠবে, তখন সে আলো শুধু বাইশ ফুটবলারের পায়েই পড়বে না; ওটার দীর্ঘ ছায়া গিয়ে পড়বে ডাগআউটের দুই টেকনিক্যাল জোনে। এক প্রান্তে ফরাসি সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট জিনেদিন জিদান– যাঁর পদচারণায় আজও ঘাসে লেগে থাকে ট্রফির সোনাঝরা সুবাস। অন্য প্রান্তে রবার্তো মানচিনি– ইতালীয় ফুটবলের ধ্রুপদি রোমান্টিসিজম আর জেদি অহংকারের মূর্ত প্রতীক। নামগুলো শুনলেই ঘ্রাণ পাওয়া যায় ইতিহাসের; রক্তে দোলা লাগে পুরোনো সব মহাকাব্যিক ক্ষতের।
ফ্রান্সের ডাগআউটে পা রেখে জিদান শুধু একটা দল গোছাচ্ছেন না, তিনি যেন বুনে চলেছেন এক সুনিপুণ ক্যানভাস, যেখানে দেসিও দুয়েরের তারুণ্যের মায়াবী তুলির টান আর এমবাপ্পেদের গতি মিলেমিশে একাকার। অথচ উল্টোদিকে দাঁড়িয়ে মানচিনির ইতালি মানেই ভাঙা-গড়ার এক পোড়ামাটির রণাঙ্গন। চোটের হানায় জর্জরিত, তারকা হারানোর বেদনায় নীল এক স্কোয়াডকে নিয়েও আজ্জুরিদের চোখে চোখ রেখে লড়ার সেই চিরায়ত জিদ আজও অটুট। এ ম্যাচ শুধু ৩ পয়েন্টের হিসাব নয়, এটি দুই ভিন্ন দর্শনের রক্তক্ষয়ী লড়াই। জিদানের রুদ্রমূর্তি আক্রমণাত্মক মেজাজের সামনে মানচিনির ট্যাকটিক্যাল গোলকধাঁধা কীভাবে ভেঙে পড়ে, সান সিরোর হিমেল হাওয়ায় আজ রাতে সেটাই দেখার অপেক্ষায় গোটা ফুটবল দুনিয়া!
নেশনস লিগ আসরে দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায়, জিনেদিন জিদানের অধীনে ফরাসি শিবির বেশ ভালো ছন্দে রয়েছে; গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচের প্রতিটিতে অপরাজিত থেকে তারা টেবিলের শীর্ষস্থান দখল করে আছে। অন্যদিকে, ইতালি কিছুটা ধুঁকলেও সাম্প্রতিক শেষ চার ম্যাচের তিনটিতেই অপরাজিত থেকে গ্রুপে দ্বিতীয় অবস্থানে রয়েছে। রেকর্ড বলছে, ফ্রান্সের বিপক্ষে নিজেদের শেষ ৯টি ম্যাচের প্রতিটিতেই গোল করার রেকর্ড রয়েছে ইতালির।
আর নেশনস লিগে নিজেদের শেষ তিনটি ম্যাচ অপরাজিত থেকে আজ্জুরি শিবির করেছে মোট ৮ গোল। তবে কাজটা সহজ হবে না। কারণ, চলতি টুর্নামেন্টে ফ্রান্স তাদের দুটি অ্যাওয়ে ম্যাচেই কোনো গোল হজম করেনি (ক্লিন শিট)। এর ওপর ইনজুরি সমস্যা দুই শিবিরকেই বেশ ভুগিয়েছে। ইতালি দল জিওভানি দি লোরেনজো, জিয়াকোমো রাসপাদোরি ও মইসে কিনকে ছাড়াই মাঠে নামছে; সঙ্গে যোগ হয়েছেন চোট নিয়ে ছিটকে পড়া রোমা ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনি। অন্যদিকে, ফরাসি স্কোয়াডও পাচ্ছে না গুরুত্বপূর্ণ দুই তারকা উইলিয়াম সালিবা ও উসমান দেম্বেলেকে। ইতালি কোচ মানচিনি ম্যাচে নামার আগেই অবশ্য জিদানের ফ্রান্সকে এগিয়ে রেখেছেন। ‘জিদানের ফ্রান্সের মুখোমুখি হওয়াটা অবশ্যই দারুণ এক আনন্দের বিষয়। তবে এটি কোনো ব্যক্তিগত লড়াই নয়। আমাদের দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে আর ফ্রান্স আমাদের চেয়ে কিছুটা এগিয়ে আছে। তবে এই ম্যাচ আমাদের জন্য অত্যন্ত উপযোগী একটি পরীক্ষা হবে।’
- বিষয় :
- জিনেদিন জিদান
- ফ্রান্স