ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর

মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর
×
×

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬ | ১৯:১৪

২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চাঁদপুর সদর উপজেলা। বুধবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে মতলব উত্তর উপজেলাকে ২-১ গোলে হারিয়েছে তারা। আগামী ২৮ নভেম্বর শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে ফরিদগঞ্জের মুখোমুখি হবে চাঁদপুর সদর।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে চাঁদপুর সদর। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি, নায়ক ২০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড শাওন। দুটি আলাদা আক্রমণ থেকে পরপর দুই গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মতলব উত্তর। একের পর এক আক্রমণে চাপ বাড়ায় তারা। খেলার শেষ দিকে দারুণ এক আক্রমণ থেকে দৃষ্টিনন্দন গোলে ব্যবধান কমান আলামিন। তবে সমতায় ফেরার মতো আর কোনো গোল আসেনি। ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে চাঁদপুর সদর।

রুদ্ধশ্বাস এই সেমিফাইনাল দেখতে স্টেডিয়ামে প্রচুর দর্শকের সমাগম ঘটে। পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একরামুল ছিদ্দিক, চাঁদপুর সদর ইউএনও এসএমএন জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেম, সানাউল্লাহ খানসহ আরও অনেকে।

আরও পড়ুন

×