চোট কাটিয়ে অনুশীলনে মাশরাফি
ফাইল ছবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০ | ২১:০৯ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ | ২১:১৩
ফিট থাকলে প্লেয়ার্স ড্রাফটে থাকতেন মাশরাফি বিন মুর্তজা। হ্যামস্ট্রিংয়ের চোট সে সুযোগ কেড়ে নেয়। তার ওপর ছেলে সাহেল মুর্তজা ও মেয়ে হুমায়রা মুর্তজা করোনা আক্রান্ত হওয়ায় চোট পরীক্ষা করে দেখার জন্য হাসপাতালেও যেতে পারেননি। তাই মাশরাফিকে উন্মুক্ত রেখে ১২ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট করেছে বিসিবি।
নড়াইল এক্সপ্রেস খেলার মতো ফিট হলেই লটারি করা হবে। ভালো খবর হলো, চোটমুক্ত হয়ে মাঠে ফিরেছেন টাইগার সাবেক অধিনায়ক। ফিটনেস অনুশীলনও শুরু করে দিয়েছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সপ্তাহের শুরুতে রানিং করতে দেখা গেছে মাশরাফিকে। বাড়িতে নিজস্ব জিম থাকায় সুবিধাটা কাজে লাগাতে পারছেন। গতকাল নিজের ঘনিষ্ঠ একজনকে জানিয়েছেন, ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি।
নড়াইল এক্সপ্রেস লম্বা সময় ক্রিকেটের বাইরে। মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নেমেছিলেন। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে অধিনায়কত্ব থেকে বিদায় নেন তিনি। করোনার কারণে লিগ স্থগিত করায় মাঠে ফেরা হয়নি তার। জুলাইয়ে করোনা আক্রান্ত হওয়ায় বিশ্রামে থাকতে হয়েছে লম্বা সময়। ফিট হলে আট মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে তাকে।
জাতীয় দলের সবচেয়ে সফল সাবেক এ অধিনায়ককে পেতে আগ্রহী দলের অভাব হওয়ার কথা নয়। তবে ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী নিজেদের শক্তিশালী করতে মাশরাফির প্রতি আগ্রহ দেখাতে পারে। দেশের সিনিয়র এ ক্রিকেটারও খেলায় ফিরতে মরিয়া। কারণ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দল গড়ার ক্ষেত্রে এই টুর্নামেন্টের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।
