পেলের চেয়ে এক গোল দূরে মেসি
ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ | ০১:১১
সময়টা ভালো যাচ্ছিল না বার্সেলোনার। নতুন মৌসুমে নিজের সেরা ছন্দে দেখা যাচ্ছে না লিওনেল মেসিকে। সর্বশেষ দুই ম্যাচে হারা কাতালন ক্লাবটির জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ ছিল ন্যু ক্যাম্প।
রোববার রাতে সেই ন্যু ক্যাম্পে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনাকে জয়ে ফেরালেন মেসি। তার গোলে লেভান্তেকে ১-০ হারিয়ে কক্ষপথে ফেরার ইঙ্গিত রোনাল্ড কোম্যানের দলের। বার্সাকে তিন পয়েন্ট এনে দেওয়া আর্জেন্টাইন সুপারস্টারকে অনন্য একটি মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে।
আর একটি গোল করলেই কোনো একটি ক্লাবের জার্সি গায়ে জড়িয়ে সবচেয়ে বেশি গোল করার কীর্তিতে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্পর্শ করবেন মেসি। বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৬৪২। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সিতে পেলে গোল করেছিলেন ৬৪৩টি। ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ভাঙাটা মেসির জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। লেভান্তের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে লা লিগায় ১১ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বার্সেলোনা।
এ ম্যাচে লেভান্তে গোলরক্ষক ফার্নান্দেস গোলপোস্টের নিচে ছিলেন দুর্দান্ত। ৭১ মিনিটে দুরূহ কোণ থেকে নেওয়া মেসির ফ্রি কিক কর্নারের বিনিময়ে ঠেকিয়ে ম্যাচে নিজের একাদশতম সেভটি করেন। তবে চার মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি লেভান্তে গোলরক্ষক। ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাভূত করে বার্সাকে গোলের আনন্দে ভাসান এলএমটেন।
