আইসিসির দশক সেরা ক্রিকেটার কোহলি
ছবি: আইসিসি (টুইট)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০ | ০৩:৫৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ | ০৪:০৫
রোববার আইসিসির ঘোষিত দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। জায়গা করে নিয়েছেন দশক সেরা টেস্ট দলে। লম্বা সংস্করণের দশক সেরা টেস্ট দলকে নেতৃত্বও দেবেন তিনি। দশ বছর আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ পারফরম্যান্স দেখানো কোহলি জায়গা পেয়েছেন টি-২০ দলেও।
সোমবার তারই চূড়ান্ত পুরস্কার জিতলেন ভারতীয় ডানহাতি ব্যাটসম্যান কোহলি। জিতলেন আইসিসির দশক সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার কীর্তি। অর্থাৎ তিন ফরম্যাট মিলিয়ে আইসিসি বিবেচনায় দশ বছরের সেরা ক্রিকেটার ভারতীয় অধিনায়ক। তিনি তাই দশক সেরা হয়ে জিতলেন স্যার গ্যারি সোবার্স পুরস্কার। এছাড়া আইসিসির দশক সেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন তিনি।
কোহলি গ্যারি সোবার্স পুরস্কার জিততে এই দশকে করেছেন সবচেয়ে বেশি ২০ হাজার ৩৯৬ আন্তর্জাতিক রান। ক্যারিয়ারের ৭০ সেঞ্চুরির মধ্যে কোহলি এই দশকে তুলে নিয়েছেন সবার চেয়ে বেশি ৬৬ সেঞ্চুরি। এছাড়া শেষ দশ বছরে সবার চেয়ে বেশি ৯৪ ফিফটিও তার দখলে। কমপক্ষে ৭০ ইনিংস খেলেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবার চেয়ে বেশি ৫৬.৯৭ গড় কোহলির নামের পাশে।
আইসিসির দশক সেরা ক্রিকেটার হওয়া কোহলি আইসিসিকে এক ভিডিও বার্তায় বলেছেন, 'আমার একমাত্র ইচ্ছা হলো দলকে জেতাতে অবদান রাখা। প্রতি ম্যাচে আমি কেবল সেটাই করে যাওয়ার চেষ্টা করি। মাঠে আপনি যা করতে চাইবেন তারই ফল হলো পরিসংখ্যান।'
আইসিসির দশক সেরা টেস্ট ক্রিকেটার হওয়ার মর্যাদা অর্জন করেছেন সাবেক অজি অধিনায়ক এবং বর্তমান দলের টপ অর্ডার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। দশক সেরা টি-২০ ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। এছাড়া আইসিসির স্পিরিট অব ক্রিকেট পুরস্কার জিতেছেন ভারতের হয়ে ওয়ানডে, টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফি জেতা ক্যাপ্টেন কুল খ্যাত সাবেক ভারতীয় ক্রিকেটার এমএস ধোনি।
