ভারতের প্রতিশোধ, ইতিহাস সেরা প্রত্যাবর্তন বলছেন শাস্ত্রী
ছবি: আইসিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ০১:৫৯
মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে অলআউট করে দেওয়ার মতো কিছু করতে পারেনি সফরকারী ভারত। তবে অ্যাডিলেডে ওই লজ্জায় ডোবার পরের ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন দেখিয়েছে। প্রথম টেস্টে ৮ উইকেটে হারের শোধ নিয়েছে একই ব্যবধানের জয় দিয়েই। চার টেস্টের সিরিজে এনেছে সমতা।
প্রথম ম্যাচে এমন ভরাডুবির পরে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, দুই পেসার মোহাম্মদ শামি কিংবা ইশান্ত শর্মাকে ছাড়া এই প্রত্যাবর্তনকে ইতিহাসের অন্যতম সেরা বলছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তার মতে, ৩৬ রানের লজ্জায় ডোবার তিনদিন পরেই এমন ঘুরে দাঁড়ানোর এই গল্প ভারতীয় ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটকে মনে রাখতে হবে।
মেলবোর্নে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করে ১৯৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে অভিষিক্ত ওপেনার শুভমন গিলের ৪৫, অধিনায়ক আজিঙ্কা রাহানের ১১২ এবং লোয়ার মিডল অর্ডারে ব্যাট করা বিশ্ব সেরা টেস্ট অলরাউন্ডার রবিন্দ্র জাদেজার ৫৭ রানে ভর করে ৩২৬ রান তোলে ভারত। প্রথম ইনিংস থেকে পায় ১৩১ রানের লিড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করেও সুবিধা করতে পারেননি অজিরা। ভারতীয় পেসার এবং স্পিনাররা মিলে ২০০ রানে অলআউট করে দেয় তাদের। অজিদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন দ্বিতীয় টেস্ট খেলতে নামা মিডল অর্ডারে ব্যাট করা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে ওপেনার ম্যাথু ওয়েডের ব্যাট থেকে।
জয়ের জন্য ৭০ রানের লক্ষ্য পাওয়া ভারত ২ উইকেট হারিয়েই জয় তুলে নেয়। অল্প রান তাড়ায় সফরকারীরা অবশ্য ১৯ রানেই হারায় মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পূজারাকে। তবে ওপেনার শুভমন গিল ৩৫ এবং অধিনায়ক রাহানে ২৭ রান করে দলকে জয়ের বন্দরে ভেড়ান। ভারতের হয়ে দুই ইনিংসে ৬ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। অভিষিক্ত অন্য পেসার মোহাম্মদ সিরাজ নেন ৫ উইকেট। এছাড়া অশ্বিন দুই ইনিংস থেকে ৫ উইকেট তুলে নেন। দারুণ সেঞ্চুরি এবং নেতৃত্ব দিয়ে রাহানে হয়েছেন ম্যাচ সেরা।
ভারতীয় কোচ শাস্ত্রী ম্যাচ শেষে অভিষিক্ত দুই ক্রিকেটার শুভমন গিল ও মোহাম্মদ সিরাজের প্রশংসা করেছেন। শুভমনকে কোচের খুবই পরিণত ক্রিকেটার মনে হয়েছে। যিনি খুবই ঠান্ডা মাথায় ক্রিকেট খেলেন এবং শট খেলতে ভয় পান না। আর সিরাজের ম্যাচ রিডিংয়ের ক্ষমতা মুগ্ধ করেছে কোচকে। দু'জনকেই তাই জন্মগত নেতা বলছেন শাস্ত্রী। ভারত আগামী ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের তৃতীয় টেস্ট খেলবে।
