ওয়াগনারের ইনজুরি, পাকিস্তান শিবিরে স্বস্তি
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০ | ০৩:৫১
পায়ের পাতার চোট নিয়ে নেইল ওয়াগনার একের পর এক বাউন্স দিয়ে নাস্তানাবুদ করেছে সফরকারী পাকিস্তানকে। পুরোপুরি ফিট ওয়াগনার যে আরও ভয়ঙ্কর হতে পারেন, সেটা অজানা নয় পাকিস্তানের। কিন্তু পায়ের ওই চোট নিয়ে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে ছিটকে গেছেন কিউই পেসার। দ্বিতীয় টেস্টের আগে পাকিস্তানের জন্য যা স্বস্তির।
পায়ের পাতার ওই ইনজুরির কারণে ওয়াগনার ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে পারবেন না বলে জানিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিড। মাউন্ট ম্যাঙ্গানুইয়ে ওয়াগনার তার ওই চোটাক্রান্ত পা নিয়ে ৪৯ ওভার বল করেছেন। নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। তার মধ্যে ফাওয়াদ আলমের উইকেটও দখল করেন তিনি।
তার মতো টেস্ট ক্রিকেটের নিবেদিত পেসারকে না পাওয়া তাই নিউজিল্যান্ডের জন্য বড় ক্ষতি। কোচ গ্যারি স্টিডের কথাতেই তা পরিষ্কার, 'নেইল সত্যি অসাধারণ। আমার মনে হয় না, টেস্ট ক্রিকেটের জন্য তার মতো অন্তপ্রাণ খুব বেশি ক্রিকেটার আছে। সে আমদের সঙ্গে ক্রাইস্টচার্চে যাচ্ছে না। ওই ব্যথা নিয়ে ওয়াগনার খেলে যাক সেটা আমরা চাই না।'
দ্বিতীয় টেস্টে ওয়াগনারের না থাকার স্বস্তির সঙ্গে পাকিস্তান পেতে পারে আরও একটি সুখবর। ইনজুরি থেকে ফিরতে পারেন নতুন টেস্ট নেতৃত্ব পাওয়া বাবর আযম। কিইউদের বিপক্ষে অল্পের জন্য প্রথম টেস্ট ড্র করতে না পারার আক্ষেপের ম্যাচে দলে ছিলেন না তিনি।
