ছিটকে গেলেন কেএল রাহুলও
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১ | ০১:২৭
চার টেস্টের জন্য অস্ট্রেলিয়া সফরে থাকা ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ইনজুরি বড় ঝামেলায় ফেলে দিয়েছে। একের পর এক ইনজুরি নিয়ে সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
মঙ্গলবার যেমন কেএল রাহুলের ইনজুরি নিয়ে বোর্ডার-গাভাস্কার সিরিজ শেষ হয়ে যাওয়ার খবর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বোর্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অনুশীলনের সময় বাঁ-হাতের কব্জিতে ইনজুরি হওয়ায় বোর্ডার-গাভাস্কার সিরিজের বাকি দুই টেস্ট থেকে ছিটকে গেছেন রাহুল।
এর আগে গুরুত্বপূর্ণ দুই পেসার মোহাম্মদ শামি এবং উমেশ যাদব ইনজুরি নিয়ে সিরিজ শেষে ছিটকে গেছেন। এরই মধ্যে দেশে ফিরেছেন তারা। রাহুলও ধরবেন একই পথ।
কেএল রাহুল অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে খেলেননি। তৃতীয় টেস্টেও একাদশে জায়গা পাওয়ার সুযোগ কম ছিল তার। তবে বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে চলে যাওয়ায় বেঞ্চটা শক্তিশালী করে রেখেছিলেন রাহুলের মতো ব্যাটসম্যান। সেই শক্তিটা কমে গেল।
