আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড অবসরে
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ০৩:৩৯
অস্ট্রেলিয়ান আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করার পর বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন। তবে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পরিচালনা করে যাবেন তিনি।
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন অক্সেনফোর্ড। তিনি ৬২ টেস্টে আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়িয়েছেন। ভারত-অস্ট্রেলিয়ার চার টেস্টের বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষটায় ব্রিসবেনে দায়িত্ব পালন করেছেন।
আইসিসির বিবৃতিতে অস্ট্রেলিয়ান এই আম্পায়ার বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে আমার দায়িত্ব পালন করার সময়ে ফিরে তাকালে নিজেকে গর্বিত মনে হয়। নিজের কাছেই বিশ্বাস হতে চায় না, প্রায় ২০০ আইসিসির অফিসিয়াল ম্যাচে আমি দায়িত্ব পালন করেছি। যখন আম্পায়ারিং শুরু করেছিলাম, এমন দীর্ঘ ক্যারিয়ার হবে ভাবিনি।'
২০০৬ সালে গ্যাবায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে যাত্রা শুরু করেন অক্সেনফোর্ড। এরপর সর্বশেষ তিন ওয়ানডে এবং টি-২০ বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। নারীদের ২০১২ ও ২০১৪ টি-২০ বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে মাঠে ছিলেন ৬০ বছর বয়সী এই আম্পায়ার।
অবসর ঘোষণা করে সিনিয়র এই আম্পায়ার জানান, তিনি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার এই কাজটা মিস করবেন। মিস করবেন খেলা পরিচালনা করার জন্য যারা সহায়তা করতেন তাদের। এতো বছর কাজ চালিয়ে যাওয়ার জন্য যারা তাকে উৎসাহ দিয়েছেন, যাদের সঙ্গে আম্পায়ার হিসেবে মাঠে দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ জানান অক্সেনফোর্ড।