এসিসিতে পাপনের জায়গায় জয় শাহ
নাজমুল হাসান পাপনের (বাঁয়ে) জায়গায় এসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ০৮:৪২
এক বছরের বেশি সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন জয় শাহ। এবার আরও একটি পালক যোগ হলো তার মুকুটে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থ সচিব অরুণ ধুমাল বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইট করেও 'অভিনন্দন' জানিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এখন জয় শাহই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়ান কাপ আয়োজন করে থাকে। গত বছর পাকিস্তানে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।
কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির জন্য তা বাতিল হয়। নতুন বছরে এশিয়া কাপ আয়োজন করার দায়িত্ব জয় শাহর কাঁধে। সভাপতির চেয়ারে বসার পর এটিই তার সবচয়ে বড় চ্যালেঞ্জ।
