ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মিরাজের সেঞ্চুরিতে রান চাপায় ওয়েস্ট ইন্ডিজ

মিরাজের সেঞ্চুরিতে রান চাপায় ওয়েস্ট ইন্ডিজ
×

ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ২১:৫২ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ | ০২:৪২

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে খানিকটা আক্ষেপ নিয়ে প্রথমদিন শেষ করেছিল বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেট পেয়েও সেট হয়ে বড় রান করতে পারেননি টপ অর্ডারের ব্যাটসম্যানরা। বরং হারিয়ে বসে ৫ উইকেট। তবে দ্বিতীয়দিন আটে নেমে দারুণ এক সেঞ্চুরি করে সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন মেহেদি মিরাজ। তার ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ১৫০.২ ওভার ব্যাট করে ৪৩০ রান তুলেছে টাইগাররা।

প্রথমদিন ১৯৩ রানে ৫ উইকেট হারিয়ে চাপেই পড়ে গিয়েছিল স্বাগতিকরা। তবে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং লিটন দাস দিন শেষ করে দলকে স্বস্তি এনে দেন। বাংলাদেশ প্রথমদিন তোলে ২৪২ রান। কিন্তু শেষ বিকেলের স্বস্তিটা দ্বিতীয় দিনের শুরুতে ধরে রাখতে পারেনি রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। কারণ লিটন দাস ৩৮ রান করেই ফিরে যান। তাদের জুটি দাঁড়ায় ৫৫ রানের। 

এরপর সাকিবের সঙ্গে জুটি গড়েন মেহেদি মিরাজ। তাদের জুটি থেকে আসে ৬৭ রান। দীর্ঘ বিরতি দিয়ে ফেরা সাকিব ফিরে যান দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করে। রাকিম কর্নওয়ালের বলে পয়েন্ট সহজ ক্যাচ দেন টেস্টের চতুর্থ সেরা অলরাউন্ডার। পরের গল্পটা মিরাজের। শেষ ব্যাটসম্যান হিসেবে ১০৩ রান করে সীমানায় ক্যাচে পরিণত হয়ে ফেরেন তিনি। তার সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দিতে অবদান রাখেন তাইজুল ইসলাম (১৮) এবং নাঈম হাসান (২৪)।

এর আগে প্রথমদিন দলের হয়ে দারুণ ব্যাট করে ওপেনার সাদমান ইসলাম ৫৯ রান করে ভুল আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে লেগ বিফোরের ফাঁদে পড়লেও ওয়ারিকানের বলটা ছিল স্টাম্পের বেশ বাইরে। এছাড়া তিনে নামা নাজমুল শান্ত ২৫ করে রান আউট হন। চারে নেমে মুমিনুল হক করেন ২৬ রান। আর মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৩৮ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান তুলে নেন চান উইকেট। দুটি উইকেট পান রাকিম কর্নওয়াল।

আরও পড়ুন

×