ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাংলাদেশ-ভারত ম্যাচ বলে কথা

বাংলাদেশ-ভারত ম্যাচ বলে কথা
×

রায়পুরে অনুশীলনের ফাঁকে ক্যামেরাবন্দি খালেদ মাসুদ পাইলট। ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২১ | ১২:০০ | আপডেট: ০৫ মার্চ ২০২১ | ০২:৪০

বল করছেন মোহাম্মদ রফিক, ব্যাট করছেন শচীন টেন্ডুলকার, কিংবা ইরফান পাঠানের বলে ব্যাট হাতে অপেক্ষায় নাফিস ইকবাল- অতীতের পাতায় চলে যাওয়া দৃশ্যগুলোর পুনরাবৃত্তি হতে যাচ্ছে আবার। বাংলাদেশ ও ভারতের ক্রিকেটকে যারা রাঙিয়েছেন, অনুপ্রেরণা হয়েছেন বর্তমান প্রজন্মের- সেইসব সাবেক ক্রিকেটার আজ মুখোমুখি হচ্ছেন রোড সেফটি ওয়ার্ল্ড টি২০ সিরিজে।

ছয়টি দেশের 'লিজেন্ডস'দের নিয়ে আয়োজিত এই আসরের এবারের প্রথম দিনে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ লিজেন্ডস ও ইন্ডিয়া লিজেন্ডস। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

নিরাপদ সড়ক আন্দোলনের অর্থ সংগ্রহ করতে রোড সেফটি ওয়ার্ল্ড টি২০ সিরিজ আয়োজনের শুরুটা হয়েছে গত বছরের ৭ মার্চ। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্টের চারটি ম্যাচও অনুষ্ঠিত হয়। তবে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির দিকে থাকায় ১১ মার্চ আসরটি স্থগিত হয়ে যায়। স্থগিত সে টুর্নামেন্টটিই আজ পুনরায় চালু হচ্ছে। তবে অস্ট্রেলিয়া এ বছর খেলতে আসেনি।

দেশটিতে করোনাবিধি কঠোর হওয়ায় ভারতে আসা-যাওয়া মিলিয়ে যে ঝক্কি, সেটি এড়াতে ব্রেট লিরা নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। তাদের শূন্যস্থানে ডাকা হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডকে। ছয় দলের আসরে সেমিফাইনালের আগে মোট পাঁচটি ম্যাচ খেলতে পারবে মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রতিপক্ষ শচীনের ভারত।

বাংলাদেশ স্কোয়াডে রফিক ছাড়াও আছেন খালেদ মাহমুদ, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, নাফিস ইকবাল, আবদুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, নাজিম উদ্দিন ও আলগমীর কবির। ভিন্ন খেলার একটি কোটায় আছেন হকি খেলোয়াড় মামুনুর রশিদ।

ভারতের স্কোয়াডে শচীনের নেতৃত্বে আছেন বিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নমন ওঝা, বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মানপ্রিত গনি ও নোয়েল ডেভিড। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে রোববার পিটারসেনের ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে। পরের তিনটি ম্যাচ যথাক্রমে তিলকারত্নে দিলশানের শ্রীলঙ্কা (১০ মার্চ), ব্রায়ান লারার উইন্ডিজ (১২ মার্চ) ও জন্টি রোডসের দক্ষিণ আফ্রিকার (১৫ মার্চ) বিপক্ষে। বেশি ম্যাচজয়ী চার দলকে নিয়ে সেমিফাইনাল হবে ১৭ ও ১৮ মার্চ। ফাইনাল ২১ মার্চ।

আরও পড়ুন

×